২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পৃথক অভিযানে চার জন গ্রেপ্তার

র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে গত দুদিনে চারজন গ্রেপ্তার হয়েছেন। উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও ১০ বোতল ফেন্সিডিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 03:06 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

সাভার, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে গত দুদিনে চারজন গ্রেপ্তার হয়েছেন। উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও ১০ বোতল ফেন্সিডিল। গ্রেপ্তারকৃতরা হলেন অজিত ঘোষ (৩৩), বাদল মিয়া (২৫), মোতালেব হোসেন মঞ্জু (৪৪) ও এরশাদুল রহমান (৪০। এদিকে ধামরাইয়ে বজলুর রশীদ নামে এক ডাকাতকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে র‌্যাব। সাভার থানার সহকারী উপ-পরিদর্শক শাহাদাত হোসেন জানান, বুধবার সকালে নামাবাজার থেকে আওয়ামী লীগ কর্মী অজিত ঘোষকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গত বছর জুন মাসে হরতালের সময় পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে। তিনি পৌর এলাকার ঘোষপাড়া মহল্লার বাসিন্দা। কাউন্দিয়া এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে বাদল মিয়াকে প্রেপ্তার করা হয় বলে জানান থানার সহকারী উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম। বাদল একটি চাঁদাবাজি মামলায় সাত মাসের সাজাপ্রাপ্ত আসামী। তিনি কাউন্দিয়ার মাইলারটেক এলাকার শফি মাঝির পুত্র। র‌্যাব--১১ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, সাভার এলাকার বিরুলিয়া ইউনিয়ন থেকে সন্ত্রাসী মোতালেব হোসেন মঞ্জুকে বুধবার বিকালে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। এ ঘটনায় সাভার থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে র‌্যাব--১ এর কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক মোহাম্মদ সুলাইমানের নেতৃত্বে আমিনবাজারের বেগুনবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বারইটেক এলাকার মাদক ব্যবসায়ী এরশাদুল রহমানকে। এ সময় তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। ধামরাইয়ের কালামপুর বাজারে মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে বজলুর রশীদেকে গ্রেপ্তার করে র‌্যাব--১১ এর একটি দল। তার বিরুদ্ধে ধামরাই থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২১০২ ঘ.