ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার গভীর রাতে ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় চট্টগ্রামগামী আটাবোঝাই একটি ট্রাক উল্টে যায়।
এ সময় রাস্তার পাশে অপেক্ষমান তিনজন গার্মেন্টস শ্রমিক আটার বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। নিহতদের পরিচয় জানাতে পারেনি সোনারগাঁও থানা পুলিশ।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, সদর উপজেলার ভাতকুড়ায় বুধবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মুসলিম উদ্দিন (২৭) নামে পথচারী নিহত হয়েছে। তার বাড়ি সদরের নরুন্দা গ্রামে।
টাঙ্গাইল থানার উপপরিদর্শক মোতালেব হোসেন জানান, সরিষাবাড়িগামী মালবাহী একটি ট্রাক মুসলিম উদ্দিনকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। মুসলিম বিসিক শিল্প নগরীর ইউনিভার্সাল ইয়ান লিমিটেডের শ্রমিক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৩৩২ ঘ.
bdnews24