রুহুল আমিন রানা
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম, প্রতিবেদক
চট্টগ্রাম, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- প্রবল বৃষ্টির উচ্চকিত শব্দ ছাপিয়ে চিৎকার কানে আসায় ঘর থেকে ছুটে বের হন কালাম সওদাগর। মাটির স্রোতের তোড়ে তলিয়ে যেতে থাকা প্রতিবেশিকে বাঁচাতে ঝাঁপ দেন তিনি। কিন্তু প্রায় একশ ফুট উপর থেকে ধেয়ে আসা পাহাড়ি ধসে তিনিও তলিয়ে যেতে থাকেন। আর্তচিৎকার শুনে ছুটে যান স্ত্রী শেফালী বেগম। মিনিট খানেকের মধ্যে একে একে তিনজনই ডুবে যান টন টন মাটিকাদার নিচে। কয়েক হাত দূরে অসহায় দাঁড়িয়ে বাবা--মায়ের করুণ মৃত্যু দেখেন তাদের চার সন্তান। এই করুণ কাহিনী তুলে ধরেছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি রুহুল আমিন রানা।
সোমবার সকাল সাড়ে সাতটায় সেই ভয়ঙ্কর দৃশ্যের পর পার হয়েছে ২৪ ঘণ্টারও বেশি। কিন্তু চার ভাইবোনের চোখ এখনও আতঙ্কে বিষ্ফারিত। তাদের হু হু কান্নায় ভারী হয়ে আছে চারপাশ।
ঘটনাস্থল থেকে মাত্র কয়েক হাত দূরেই তাদের মাটির দেয়াল ঘেরা ঘর। ঘর দুটো এখনও দাঁড়িয়ে থাকলেও মাত্র ১০ মিনিটে প্রায় বিশ থেকে পঁচিশ ফুট মাটির নিচে চাপা পড়ে আশেপাশের ৮ থেকে ১০টি পরিবার। ৩০ থেকে ৩৫ ফুট দূরের স্তব্ধ পাহাড়টি হঠাৎ জীবন্ত হয়ে উঠে গ্রাস করে নেয় প্রায় পঞ্চাশ জনের জীবন।
বোন ও ভগ্নিপতির মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছেন আব্দুর রশীদ। কিন্তু কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছেন না চার ভাগ্নে--ভাগ্নীকে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, মাত্র দশ মিনিটের মধ্যে সবগুলো ঘর পাহাড়ি ঢলে চাপা পড়ে। থেকে বের হওয়ার সুযোগ পায়নি কেউ। দু' একজন বের হলেও মাটির ঢলে চাপা পড়ে কয়েক হাত দূরেই।
লাইলী ও তার তিন ভাইবোনের মতো স্বজনহারাদের শোকের মাতম চলছে পাহাড় ঘেরা লেবু বাগানে। স্বজনদের হারিয়ে পাগলপ্রায় তারা।
লেবু বাগানের রাবেয়া জানান, অল্পের জন্য বেঁচে গেছেন তারা। পাহাড় তো নয় যেন সমুদ্র দৌড়াচ্ছিল তখন। স্রোতের তোড়ে সবগুলো ঘর প্রায় মাটি চাপা পড়েছে কয়েক মিনিটের মধ্যেই। আর একটু হলে তাদের ঘরের উপরও ভেঙে পড়তো পাহাড়।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার লেবু বাগান এলাকায় ফায়ার সার্ভিসের লোকজন কেউবা কোদাল দিয়ে কেউবা হাত দিয়েই মাটি সরাচ্ছিলেন মৃতদেহ উদ্ধারে জন্য। প্রিয়জনদের জীবিত ফিরে পাবার উপায় আশা নেই। লাশ পাওয়ার অপেক্ষায় কয়েক হাত দূরে দাঁড়িয়ে প্রহর গুনছিলেন কয়েক শ' লোক।
সকাল সাড়ে দশটার দিকে মাস দুয়েকের একটি শিশুকে বুকে জড়িয়ে মাটি চাপা পড়া এক মায়ের সন্ধান পান উদ্ধারকারীরা। মাটি খুঁড়ে তাদের বের করে আনতেই আরেক দফা আহাজারি ওঠে চারপাশে।
দর্শকসারির মধ্যে নির্বাক হয়ে দাঁড়িয়ে ছিলেন এলাকায় দেলোয়ার হুজুর নামে পরিচিত পঞ্চাশোর্ধ এক ব্যক্তি। লেবু বাগানের বাসিন্দা মো. কালাম জানান, সকালবেলা স্ত্রীসহ ঘর থেকে বের হয়ে যাওয়ায় বেঁচে যান দেলোয়ার হুজুর। কিন্তু তার পরিবারের আট সদস্যই আর বেঁচে নেই। কয়েক মিনিটের মধ্যেই তিনি হারিয়েছেন দুই ছেলে, পাঁচ মেয়ে এবং বড় মেয়ের জামাইকে।
এলাকার অনেকে বললেন, তাদের ধারণা এখনও ২৫ থেকে ৩০ জন মাটির নিচে আছে।
লেবু বাগানের মতো একই অবস্থা প্রায় আধা কিলোমিটার দূরে কাইচ্যাঘোনা এলাকায়ও। কয়েক মিনিটের ধসে এখানেও চার থেকে পাঁচটি ঘরের সবাই মাটি চাপা পড়েছেন। উপর থেকে ভেঙে পড়া পাহাড়ের মাটির প্রায় ২০ ফুট নিচে চাপা পড়েছে এসব ঘর।
এ দুটি এলাকায় পাহাড়ের পাদদেশে প্রায় চার থেকে পাঁচশ ঘরে বসবাস করেন দুই থেকে তিন হাজার লোক। এদের অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, এখানকার বেশিরভাগ লোকই গ্রাম থেকে সহায় সম্বলহীন হয়ে জীবিকার সন্ধানে এসে এখানে বসত গড়েন।
আব্দুল আলীম নামে একজন জানান, লেবু বাগানের অধিকাংশই বরিশাল থেকে এসেছেন। গ্রামের বাড়ি নদীতে ভেঙে যাওয়ায় তারা এখানে আসেন। ভাড়া কম হওয়ায় তারা ঝুঁকি নিয়েই থাকছিলেন। বেশিরভাগ লোকই রিকশা চালান কিংবা ফেরি করেন। ১০/১২ বছর এখানে আছেন তিনি। দুঃস্বপ্নেও ভাবেননি এ করুণ পরিণতি হবে তাদের।
সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সমন্বয়কারী লে. কর্নেল আব্দুর রশীদ জানান, এমন এক জায়গায় এ দুর্ঘটনা ঘটেছে যেখানে কোনো গাড়ি বা যন্ত্রপাতি নিয়ে যাওয়ার উপায় নেই। তাই শুধু খালিহাতে কিংবা ছোটোছোটো যন্ত্রপাতি নিয়েই উদ্ধার কাজ চালাতে হচ্ছে। এ কারণে কোথাও কোথাও বিশ ফুট কোথাও বা তারও বেশি নিচ থেকে লাশ উদ্ধার করতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারী দলগুলোর। তিনি জানান, থেমে থেমে সারারাত ধরেই উদ্ধার কাজ চলেছে।
একদিকে উদ্ধার কাজ অন্যদিকে আশেপাশের টিকে থাকা ঘরগুলো থেকে উঠছে কান্নার রোল। অনেককে হারিয়ে ওরা বেঁচে আছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএইচবি/০০৫৮ ঘ.
bdnews24