২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় প্রতিপক্ষের গুলিতে জনযুদ্ধের ২ কর্মী নিহত

কুষ্টিয়ায় প্রতিপক্ষ চরমপন্থী সংগঠনের সদস্যরা গুলি করে হত্যা করেছে জনযুদ্ধের দু'কর্মীকে। শনিবার রাত ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নওদা আজমপুর গ্রামের মাঠে এই হত্যাকাণ্ড হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 08:07 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

কুষ্টিয়া, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কুষ্টিয়ায় প্রতিপক্ষ চরমপন্থী সংগঠনের সদস্যরা গুলি করে হত্যা করেছে জনযুদ্ধের দু'কর্মীকে। শনিবার রাত ১০টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নওদা আজমপুর গ্রামের মাঠে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ রোববার সকালে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত দুজন হলেন-- মিরপুর উপজেলার শ্রীরামপুর পূর্বপাড়া গ্রামের মেরাজ (৩৫) ও আব্দুল কুদ্দুস ওরফে কুদু (৩৩)। পুলিশ সূত্র জানায়, চরমপন্থী মেরাজ ও তার সহযোগী কুদু শ্রীরামপুর গ্রামের বিদেশ ফেরত আবু সাঈদের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করলে শনিবার রাত ৯টার দিকে আবু সাঈদের ছেলে মজিবুলকে বাড়ি থেকে অপহরণ করে ওই দুজন। অপহরণকারীরা গোয়াবাড়ি মোচাইনগর সাইফুন ব্রিজের উপর পৌঁছালে প্রতিপক্ষ দলের ১৫/২০ জন তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। তারা অপহৃতকে ছেড়ে দিয়ে মেরাজ ও কুদুকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় নওদা আজমপুর গ্রামের মাঠে। সেখানে গুলি করে হত্যার পর লাশ ফেলে রেখে প্রতিপক্ষের সন্ত্রাসীরা চলে যায়। সহকারী পুলিশ সুপার আহসানুল কবীর জানান, নিহতদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ, বোমাবাজি ও ধর্ষণের একাধিক অভিযোগ আছে। এদিকে রাতেই মোবাইল ফোনে এ হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৪০০ ঘ.