ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দক্ষিণ--পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে সারাদেশে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আবহাওয়া অফিস বলছে, এমন বর্ষণ আরও দুই-তিন দিন চলতে পারে। রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ঢাকায় ১২৮ মিলিমিটার। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, মংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার সকালে ঢাকাবাসীর ঘুম ভাঙে বৃষ্টির রিমঝিম শব্দে। কিন্তু এরপরই শুরু হয় বিপত্তি। ঘর থেকে বের হতে গিয়েই জলকাদায় নাকানি-চুবানি খেতে হয় নগরবাসীকে। প্রবল বর্ষণে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় নিুাঞ্চল তলিয়ে গেছে। পানি নেমে না যাওয়ায় অনেক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীগুলোয় পানির উচ্চতা এবং স্রোতের তীব্রতা দুটোই বেড়েছে। দুই একটি স্থানে ভাঙন ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল দেখা দিয়েছে।
ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকার অধিকাংশ নদীতেই পানি বেড়েছে। ৬২টি পয়েন্টের মধ্যে ৩৭টি পয়েন্টে পানির উচ্চতা বেশি পাওয়া গেছে। নেত্রকোনায় সোমেশ্বরী নদীতে পানি বিপৎসীমার ১৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়। শনিবার রাতে রংপুরে সর্বোচ্চ ২৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের কারণে শনিবার রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত মাওয়া-কাওড়াকান্তি রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। ওই সময় আটকে থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। এদিকে বর্ষণের কারণে রোববার রাজধানীর অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় উপস্থিতি ছিল খুবই কম। ঢাকার শেয়ার বাজারেও লেনদেন হয়েছে খুবই কম।
আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা সাদিকুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বেশ কিছু এলাকায় ভারি বর্ষণ হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রোববার, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা আছে। জোয়ারের পানিতে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
রাজধানী ঘুরে এবং দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন মারুফ মল্লিক ও মোকাররম হোসেন শুভ।
রাজধানীতে সপ্তাহের প্রথম কার্যদিবসে অফিসমুখো মানুষ ও শিক্ষার্থীরা বাসা থেকে বের হয়েই পড়েন চরম বিপাকে। মিরপুর, শান্তিনগর, মালিবাগ, পল্টন, ফার্মগেট, বাসাবো, ঝিগাতলা, হাজারীবাগ, রায়েরবাজার, মোহাম্মদপুর, পুরনো ঢাকার অধিকাংশ এলাকার অলি--গলিসহ প্রধান অনেক সড়ক তলিয়ে গেছে পানির নিচে। শেরাটন হোটেলের সামনে রাস্তা পানিতে তলিয়ে যায়, পানি জমে কারওয়ান বাজার এলাকায়। ধানমন্ডিতে রাইফেলস স্কয়ারের সামনে এবং পাশেই পিলখানা বিডিআর গেট দিয়ে ঢুকতেই দেখা যায় ভিতরের পুকুরটি উপচে সড়কেও দুই ফুটের মতো পানি জমেছে। নিউমার্কেট এলাকা তলিয়ে জলাবদ্ধতা বিস্তৃত হয় বিডিআরের আরেক ফটক পর্যন্ত। মতিঝিল, কমলাপুর, দৈনিক বাংলা মোড় এলাকার প্রধান সড়কও পানিতে তলিয়ে যায়।
দুপুরে বৃষ্টি থামার পর থেকে নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভারি বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে রাস্তায় যানবাহন ছিল একেবারে কম। অঝোর ধারায় বৃষ্টিতে নাকাল অনেকেই সকালে কর্মস্থলে পৌঁছেন কাকভেজা হয়ে। বিকেলে ফেরার পথে তাদের জলাবদ্ধতার মুখে পড়তে হয়।
কোনো কোনো এলাকায় বাসা--বাড়িতে পর্যন্ত পানি উঠেছে। তলিয়ে গেছে দোকানপাট। ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ রোববার দুপুরে মিরপুরের কাজী পাড়ার ভাড়া বাস ছেড়ে তার বন্ধুর বাসায় উঠতে বাধ্য হন। তিনি জানান, তার নিচতলার বাসাটিতে হাটু পরিমাণ পানি উঠেছে। বাসায় যাওয়ার গলিতে কোমর সমান পানি। কাজীপাড়া, শেওড়াপাড়াসহ মিরপুরের কয়েকটি এলাকা এবং হাজারীবাগ, ঝিগাতলা ও মোহাম্মদপুরেও একই চিত্র দেখা গেছে।
রাজধানীর বাইরের চিত্র
bdnews24