ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নির্বাচিত স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা চান জেলা প্রশাসকরা।
ঢাকায় অনুষ্ঠিত ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে বিভিন্ন বিষয়ে ১৫৬টি সমস্যার কথা জানিয়ে তা সমাধানের জন্য সুপারিশ করেছেন তারা। শুক্রবার এ সম্মেলন শেষ হয়।
তাদের ১৫৬টি সুপারিশের মধ্যে জেলায় ত্রাণ বরাদ্দপত্রে সাংসদদের সুপারিশ থাকার বিধান বাতিল করা, মাঠ প্রশাসনের সঙ্গে সচিবালয়ের সমন্বয়ের অভাব দূর করা, মাঠ প্রশাসনে হাজারখানেক শূন্য পদে নিয়োগ, পুলিশের ম্যাজিস্ট্রেসি সভায় পুলিশ সুপারের উপস্থিতি বাধ্যতামূলক করা, কোচিং সেন্টার ও কিন্ডার গার্টেনের জন্য সরকারি নীতিমালা তৈরির মতো বিষয়গুলোও রয়েছে।
জেলা প্রশাসক সম্মেলন ২০০৭ এর ওপর তৈরি করা মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান ও সদস্য/কমিশনারদের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা স্থানীয় সরকার বিভাগের পরিবর্তে জেলা প্রশাসকদের হাতে দেওয়ার সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা।
ইউনিয়ন পরিষদ ও পৌরসভা অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী চেয়ারম্যান, সদস্য ও কমিশনারদের সরাসরি নিয়ন্ত্রণের ক্ষমতা ডিসিদের হাতেই ছিল। পরে ওই অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারা বাতিল করে এই ক্ষমতা স্থানীয় সরকার বিভাগকে দেওয়া হয়। ফলে এখন চেয়ারম্যান, সদস্য ও কমিশনারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলেও জেলা প্রশাসকরা তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নিতে পারেন না।
এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের মতামত উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, পৌরসভার চেয়ারম্যান ও কমিশনারদেও ক্ষেত্রে এখনকার বিধান বহাল রাখা যেতে পারে। তবে এসব জনপ্রতিনিধিদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ত্রাণ বরাদ্ধ সংক্রান্ত নীতিমালা থেকে সাংসদদের সুপারিশ করার বিধানটি বাদ দেওয়ার দাবি জনিয়েছেন জেলা প্রশাসকরা। সাংসদদের সুপারিশ নিতে গিয়ে জেলা ও উপজেলা প্রশাসনে প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন এবং সুষ্ঠু তদারকিতে জটিলতা সৃষ্টি হয় বলেও অভিযোগ করেছেন তারা।
জেলা প্রশাসকদের এই সুপারিশের বিষয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মতামত উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বর্তমান বিধান থেকে সাংসদদের পরামর্শ বা সুপারিশ অনুযায়ী প্রকল্প গ্রহণ বা বিতরণের অংশটি বাতিল করে সংশোধিত নীতিমালা তৈরির বিষয়টি মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবদন থেকে জানা যায়, মাঠ প্রশাসনের সঙ্গে সচিবালয়ের কাজের সমন্বয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক। তিনি জানিয়েছেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পদায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় দীর্ঘদিন ধরে মাঠ প্রশাসনে কাজ করছেন এমন কর্মকর্তারা সচিবালয়ে পদায়নের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে একই কারণে সচিবালয়ের কর্মকর্তারা মাঠ প্রশাসনের অভিজ্ঞতা অর্জন করতে পারছেন না। ফলে মাঠ পর্যায়ের কাজের সঙ্গে সচিবালয়ের কাজের সমন্বয় হচ্ছে না।
এ প্রসঙ্গে সংস্থাপন মন্ত্রণালয়ের মতামত উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, মাঠ পর্যায়ে পদায়ন সংক্রান্ত নীতিমালা তৈরির বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে।
মাঠ প্রশসনের সহস্রাধিক শূন্য পদ পূরণের সুপারিশ করে জেলা প্রশাসকরা বলেন, জেলা প্রশাসন গুলোতে ডিডিএলজি, এনডিসি, আরডিসি, এলএও ও জিসিও পদসহ বেশকিছু সিনিয়র সহকারি কমিশনার ও কমিশনারের পদ শূন্য রয়েছে। এতে প্রশাসনিক ও বিচারিক কাজ দারুণভাবে ব্যহত হচ্ছে।
এ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তা স্বল্পতার কারণে ওই পদগুলো পূরণ করা সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা পাওয়া গেলে ভবিষ্যতে শূন্য পদ পূরণের পদক্ষেপ নেওয়া হবে।
জেলা প্রশাসকরা জানিয়েছেন, পুলিশের ম্যাজিস্ট্রেসি সভায় পুলিশ সুপারের উপস্থিতি অনিয়মিত হওয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়। এ কারণে এ সভায় পুলিশ সুপারের উপস্থিতি বাধ্যতামূলক করার সুপারিশ করেন তারা।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে , জরুরি আইন--শৃংখলা ও প্রশাসনিক কাজে ব্যস্ত না থাকলে পুলিশ সুপার এ সভায় যোগ দিয়ে থাকেন।
কোচিং সেন্টার ও কিন্ডার গার্টেন স্কুলগুলোকে সুর্নিদিষ্ট সরকারি নীতিমালার আওতায় আনার সুপারিশ করে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সম্মেলনে বলেন, শিক্ষকরা স্কুলে ক্লাশ নেওয়ার চেয়ে কোচিং সেন্টারে পড়াতে বেশি আগ্রহী। এতে করে শিক্ষার্থীরা বাধ্য হয়ে কোচিং সেন্টারমুখী হয়ে পড়ছে।
মন্ত্রিপরিষদের প্রতিবেদনে শিক্ষা মন্ত্রণালয়ের মতামত উল্লেখ করে বলা হয়, কোচিং সেন্টার ও কিন্ডার গার্টেনগুলোকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হবে। তবে শিক্ষকদের জন্য প্রস্তাবিত আচরণবিধিতে এ বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে।
এদিকে অধিকাংশ সুপারিশের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত উল্লেখ করে মন্ত্রিপরিষদের প্রতিবেদনে বলা হয়েছে
bdnews24