২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর সমুদ্র বন্দর, ট্রানজিট নিয়ে মামলা খারিজ

যুক্তরাষ্ট্রকে বঙ্গোপসাগরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের সুযোগ, ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার প্রক্রিয়া এবং মিয়ানমারের সঙ্গে এশিয়ান হাইওয়ে চুক্তি করার বৈধতা নিয়ে জনস্বার্থে দায়ের করা মামলাটি বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 12:51 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাষ্ট্রকে বঙ্গোপসাগরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের সুযোগ, ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার প্রক্রিয়া এবং মিয়ানমারের সঙ্গে এশিয়ান হাইওয়ে চুক্তি করার বৈধতা নিয়ে জনস্বার্থে দায়ের করা মামলাটি বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ উভয় পক্ষের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। শুনানিতে আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ খন্দকার বলেন, "গভীর সমুদ্র বন্দর, ট্রানজিট কিংবা এশিয়ান হাইওয়ে চুুক্তি করার বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত জড়িত। কিন্তু সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারে না, কেবল সরকারের দৈনন্দিন কাজ পরিচালনা করতে পারে।" জবাবে সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ বলেন, "এসব বিষয়ে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়নি। বিগত সরকারের নেওয়া সিদ্ধান্তের ধারাবাহিকতায় কাজ করছে মাত্র।" গত ২৮ মে ঢাকা জজ আদালতের আইনজীবী ফরিদউদ্দিন আহমেদ জনস্বার্থে মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জেকে/১৫০০ ঘ.