বাগেরহাট, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ১৯ দিনের শিশু কন্যা সিন্থিয়াকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা মাসুমা আক্তার লিপিকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মাসুমার শ্বশুরবাড়ির লোকদের অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। তবে মাসুমা পুলিশের কছে মেয়েকে হত্যার কথা অস্বীকার করেছেন।
বুধবার ভোরে শহরের হাড়িখালী এলাকার চানমারী খাল থেকে পুলিশ সিন্থিয়ার লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে মাসুমার শ্বশুরবাড়ির লোকদের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে সিন্থিয়ার তাকে দাফন করা হয়।
মাসুমার শাশুড়ি হোসনে আরা বেগম ও ভাসুর ইমরান তালুকদার বলেন, তাদের পরিবারের সঙ্গে মাসুমার পরিবারের বিরোধের জের ধরে মাসুমা বুধবার ভোরে কোনো এক সময় নিজের মেয়েকে খালে ফেলে দেয় বলে ধারণা করছেন তারা। তবে মাসুমার শাশুড়ি স্বীকার করেছেন, তার ছেলে আরিফের সঙ্গে মাসুমার তেমন কোনো অশান্তি বা বিরোধ ছিল না, যার জের ধরে এ ঘটনা ঘটাতে পারে।
বগরহাট সদর থানার উপপরিদর্শক হাবিবুর রহমান জানান, শ্বশুরবাড়ির আত্মীয়দের প্রাথমিক সন্দেহের ভিত্তিতে মাসুমাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মাসুমা মেয়েকে হত্যার কথা অস্বীকার করেছেন।
জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, বুধবার ভোরে ঘুমন্ত সিন্থিয়াকে বিছানায় রেখে বাথরুমে যান তিনি। ফিরে এসে মেয়েকে বিছানায় না পেয়ে শ্বাশুড়িসহ পরিবারের সদস্যদের তিনি বিষয়টি জানান। পরে খাল থেকে সিন্থিয়ার লাশ উদ্ধার করা হয়। পুলিশকে তিনি জানিয়েছেন, কে বা কারা তার মেয়েকে হত্যা করেছে তা তিনি জানেন না।
এলাকাবাসী ও মাসুমার শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শহরের মুন্সিগঞ্জ এলাকার লতিফ তালুকদারের ছেলে আরিফ তালুকদার ও সোনাতলা এলাকার একেএম মহিউদ্দিনের মেয়ে মাসুমা ২০০২ সালে নিজেদের পছন্দে বিয়ে করে। পরে মাসুমার পরিবার এ বিয়ে মেনে নিলেও দুই পরিবারের মধ্যে দূরত্ব থেকে যায়। মাসুমার স্বামী আরিফ ঢাকায় চাকরি করেন। মাসুমা শ্বশুর বাড়িতে থাকতেন। ১৯ দিন আগে তাদের প্রথম সন্তান সিন্থিয়ার জন্ম হয়।
বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২৫৭ ঘ.
bdnews24