২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠির রাজাপুর থানার এক পুলিশ ক্লোজড, ২৩ জনকে বদলি

থানার গোপন তথ্য ফাঁস ও আসামীদের সঙ্গে সখ্যের অভিযোগে ঝালকাঠির রাজাপুর থানার পরিদর্শক জাকির হোসেনকে ক্লোজড এবং অপর ২৩ জন পুলিশ সদস্যকে বুধবার বদলি করা হয়েছে। এদিকে চাঁদাবাজির মামলায় বরিশালে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 12:33 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

বরিশাল, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- থানার গোপন তথ্য ফাঁস ও আসামীদের সঙ্গে সখ্যের অভিযোগে ঝালকাঠির রাজাপুর থানার পরিদর্শক জাকির হোসেনকে ক্লোজড এবং অপর ২৩ জন পুলিশ সদস্যকে বুধবার বদলি করা হয়েছে। এদিকে চাঁদাবাজির মামলায় বরিশালে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। ঝালকাঠির পুলিশ সুপার মো. সিদ্দিকুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাজাপুর থানার পরিদর্শক জাকির হোসেনকে ক্লোজড করে ঝালকাঠি পুলিশ লাইনে নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে ওই থানার দুই জন উপ পরিদর্শক, তিন জন সহকারী উপ পরিদর্শক এবং ১৮ জন কনস্টবলকে বদলির আদেশ দেওয়া হয়েছে। এদের বিরুদ্ধে থানার গোপন তথ্য ফাঁস এবং আসামীদের সাথে সখ্যের অভিযোগ রয়েছে বলে থানার একটি সূত্র জানিয়েছে। বরিশাল বিভাগীয় জজ আদালতে বুধবার বরিশাল পুলিশ লাইনের কনস্টেবল কামাল হোসেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের দাঙ্গা বিভাগের কনস্টেবল মাসুদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। আসামীদের উপস্থিতিতে বিভাগীয় জজ এ টি এম মুসা চাঁদাবাজির মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। দুই পুলিশ সদস্যই এখন বরিশাল কারাগারে রয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৪ ঘ.