ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পুরান ঢাকার আরমানি টোলায় সুগন্ধি তৈরির কারখানা 'সুগন্ধা' থেকে বুধবার র্যাব বিপুল পরিমাণ বিস্ফোরক ও মাদক তৈরির রাসায়নিক উপাদান উদ্ধার করেছে।
এসময় সুগন্ধার মালিক মো. এরশাদ আহমেদ ও কর্মচারী মুনীর হোসেনকে আটক করা হয়েছে।
উদ্ধার করা বিস্ফোরক তৈরির উপাদানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনুমোদনহীন ৯ ড্রাম ট্রাই নাইট্রো টলুইন (টিএনটি) ও ৫০ ড্রাম মিথাইল ইথাইল কিটোন (এমইকে)। ওই কারখানায় ১০০ ড্রাম মিথানলও পাওয়া গেছে।
র্যাব--১০ এর মেজর গোলাম মোহাম্মদ রাসেল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আরমানি টোলার সরলচন্দ্র চক্রবর্তী রোডের ওই কারখানায় বিস্ফোরক ও মাদকদ্রব্য তৈরি করার প্রমাণ পাওয়া গেছে। সুগন্ধা কর্তৃপক্ষ টিএনটি ও এমইকে মজুদ রাখার বিষয়ে কোনো অনুমতিপত্রও দেখাতে পারেনি।
জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএফ/জেকে/এমএইচবি/১৭১৬ ঘ.
bdnews24