২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির দায়ে চাঁদপুরে সাংবাদিকের কারাদণ্ড

দৈনিক চাঁদপুর জমিন এর প্রকাশক ও সম্পাদক মো. রোকনুজ্জামান রোকনকে চাঁদাবাজির দায়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোকন এনটিভি ও দৈনিক আমার দেশ এর চাঁদপুর প্রতিনিধি হিসেবেও কাজ করতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 11:44 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

চাঁদপুর, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দৈনিক চাঁদপুর জমিন এর প্রকাশক ও সম্পাদক মো. রোকনুজ্জামান রোকনকে চাঁদাবাজির দায়ে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোকন এনটিভি ও দৈনিক আমার দেশ এর চাঁদপুর প্রতিনিধি হিসেবেও কাজ করতেন। বুধবার দুপুরে চাঁদপুর দ্রুত বিচার আদালতের বিচারক আবদুল মতিন এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, আসামী রোকন গত ২০ এপ্রিল সদর উপজেলার পশ্চিম সকদী এলাকায় মুরাদ পাটওয়ারীর ইটভাটায় গিয়ে দুই হাজার ইট কেনেন। কিন্তু ছয় হাজার টাকার বদলে তিনি পরিশোধ করেন তিন হাজার টাকা। ইটভাটার ম্যানেজার আবদুল মতিন খান বাকি টাকা চাইলে রোকন উল্টো ম্যানেজারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। ম্যানেজার চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে রোকন ইটভাটার মালিককে তার সঙ্গে দেখা করতে বলেন। তা না হলে মালিকের বিরুদ্ধে চাঁদপুর জমিন পত্রিকায় সংবাদ ছাপানো হবে বলেও হুমকি দেন। মুরাদ পাটওয়ারী বিষয়টি যৌথবাহিনীকে জানালে ২৫ এপ্রিল রোকনকে আটক করা হয়। ওইদিনই মুরাদ পাটওয়ারী চাঁদপুর সদর থানায় একটি মামলা করেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর বুধবার আদালত রায় ঘোষণা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/এসডি/১৭৪০ ঘ.