২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

নগরীর বায়েজীদ বোস্তামী এলাকায় আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আফসার উদ্দিনের রবার কারখানা থেকে মঙ্গলবার দুপুরে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 03:18 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

চট্টগ্রাম, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নগরীর বায়েজীদ বোস্তামী এলাকায় আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আফসার উদ্দিনের রবার কারখানা থেকে মঙ্গলবার দুপুরে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ ক্যামিকেল কমপ্লেক্স নামে ওই কারখানার ভেতর পাওয়া গেছে চারটি থ্রি নট থ্রি রাইফেল, দুটি শটগান, একটি নাইম এমএম পিস্তল, ৩০৪ রাউন্ড গুলি, ৩২ রাউন্ড গুলির খোসা এবং ১৫টি চার্জার। কারখানাটিতে উৎপাদন বেশ কয়েক বছর ধরেই ধরেই বন্ধ ছিল। অভিযানে অংশ নেওয়া বায়েজিদ থানার উপ--পরিদর্শক রুহুল আমিন জানান, গোপন খবরের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। কারখানার একটি স্টিলের আলমারি থেকে এ সব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে পিস্তল ও ৪১ রাউন্ড গুলি পাওয়া যায় কারখানার ভেতর মাটির নিচ থেকে। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মতিউল ইসলাম জানান, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আফসার উদ্দিনের ভাইপো ফজলুল হক দুলালসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অন্যরা হচ্ছেন মো. জসিম, মো. আবদুল আলিম, রবিউল হোসেন ও আবু বক্কর। ওসি জানান, এসব অস্ত্র কাদের কিংবা কোথা থেকে এনে এখানে লুকিয়ে রাখা হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। রুহুল আমিন জানান, জিজ্ঞাসাবাদকালে দুলাল অসুস্থ হয়ে পড়ে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিকালে থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি নিয়ে বেশ কয়েক বার চেষ্টা করা হলেও আফসার উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমআই/ ২১১০ ঘ.