ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- কালো টাকা সাদা করার কোনও সুযোগ দেওয়া হয়নি। দেওয়া সুযোগ সাদা টাকা সাদা করার। কিছু পত্রিকায় প্রকাশিত খবরে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ কথা বলেছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বদিউর রহমান।
মঙ্গলবার কর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, অপ্রত্যাশিতভাবে কিছু সংবাদপত্রে কর বহির্ভূত টাকাকে কালো টাকা লেখা হয়েছে। আসলে বিষয়টি তা নয়; সাদা টাকাই সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।
রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে এ সুযোগ সাময়িকভাবে দেওয়া হয়েছে বলে জানান বদিউর রহমান।
তিনি বলেন, দেশের অনেক লোক তাদের বৈধ আয়ের কর দেননি। অনেকেই তাদের প্রকৃত আয়ের হিসাব গোপন করেছেন। তাদের জন্যই এ সুযোগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে তিনি বলেন, কর কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির কোনও ধরনের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কর্মকর্তাদের ওপর গোয়েন্দা সংস্থার নজরদারি রয়েছে বলে জানান তিনি।
ব্যাংক ঋণের ওপর সরকারের নির্ভরতা কমাতে হবে বলে মনে করেন রাজস্ব বোর্ড প্রধান। তবে এ জন্য আভ্যন্তরীণ আয়ের উৎস বাড়ানোর ওপর জোর দেন তিনি।
সোমবার কর বহির্ভূত টাকা জরিমানা দিয়ে সাদা করার সুযোগের ঘোষণা দেয় সরকার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এসআর/এমআরএফ/এমআই/১৯৫৪ ঘ.
bdnews24