চট্টগ্রাম, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- কর্ণফুলী নদীতে দূষিত তরল বর্জ্য নিঃসরণের দায়ে মেসার্স ভিওটিটি অয়েল রিফাইনারিজের এক লাখ টাকা জরিমানা হয়েছে। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।
বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী জানান, উত্তর পতেঙ্গায় কর্ণফুলী নদীর উত্তর পাড়ে অবস্থিত মেসার্স ভিওটিটি অয়েল রিফাইনারিজের মালিকানাধীন ওমেরন ট্যাংক টার্মিনাল থেকে প্রচুর পরিমাণ তেল ও দুষিত বর্জ্য কর্ণফুলী নদীতে পড়ে।
এসব বর্জ্য সরাসরি নদীতে পড়ায় ব্যাপক পানি দূষণ হচ্ছে। এ অপরাধে কারখানার ব্যবস্থাপক জাবেদ হোসেনকে আটক করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং নদীতে বর্জ্য ফেলা বন্ধে স্থায়ী প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
এ কারখানায় অপরিশোধিত পাম অয়েল পরিশোধন করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসডি/১৯১৬ ঘ.
bdnews24