বরিশাল, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের অধুনা সেনের বাজার থেকে সোমবার রাতে হিজবুত তাওহিদের নেতাসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
এরা হচ্ছেন, হিজবুত তাওহিদের স্থানীয় আমীর আলমগীর হোসেন হাওলাদার (৪২), কর্মী জামাল হোসেন শরীফ (৩২) ও আনিস শেখ (৪৫)। আনিস নিজেকে কেন্দ্রীয় নেতা বলে দাবি করেছেন। তবে তার সাংগঠনিক পদ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
তাদের কাছ থেকে ইসলামী বই ও সংগঠনের লিফলেট উদ্ধার করেছে পুলিশ।
গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার জি এম কে আখতারুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান, সোমবার এশার নামাজ শেষে হিজবুত তাওহিদ সদস্যরা অধুনা সেনের বাজারে সংগঠনের প্রচার পত্র বিলি করছিল। স্থানীয়রা তাদের আটক করে শরিকল ক্যাম্পের পুলিশের কাছে সেপার্দ করে। মঙ্গলবার সকালে তাদেরকে গৌরনদী থানায় আনা হয়।
আটককৃতদের মধ্যে আলমগীর হোসেন হাওলাদার ও জামাল হোসেন শরীফের বাড়ি শরিকল এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
সহকারী পুলিশ সুপার জানান, তাদের ৫৪ ধারায় আটক দেখানো হবে। জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা প্রমাণিত হলে পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/আরএ/এসএনডি/১৬৫৫ ঘ.
bdnews24