ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মঙ্গলবার থেকে আগামী ৩১ জুলাই দুই মাস সময় পর্যন্ত কালো টাকা সাদা করার সময় দিয়েছে সরকার।
তবে ইতিমধ্যেই যাদের বিরুদ্ধে করফাঁকির অভিযোগ প্রমানীত হয়েছে এবং অভিযোগ উঠেছে তারা এসুযোগ পাচ্ছেন না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার রাতে এক ঘোষণায় একথা বলেছে।
ঘোষণায় বলা হয়, প্রদত্ত এই সুযোগ অসাধুভাবে অর্জিত আয় বা বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবেনা।
রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বদিউর রহমান সোমবার রাতে সাংবাদিকদের বলেন, প্রদত্ত সাধারণ কর হারের সঙ্গে অতিরিক্ত পাঁচ শতাংশ হারে কর দিতে হবে এই সুবিধা নেওয়ার ক্ষেত্রে।
ঘোষণায় বলা হয় ব্যক্তি, কোম্পানি অথবা অন্যান্য করদাতা যারা তাদের আয়, বিনিয়োগ অথবা অন্য সম্পদের আয়কর দাখিলের দলিল প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে তারাই শুধু তাদের সম্পদের হিসাব দাখিলের জন্য মঙ্গলবার পর্যন্ত দুই মাস সময় পাবে।
সরকার গত অর্থ বছর পর্যন্ত সাড়ে সাত শতাংশ হারে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দিয়েছিল। সেসময় প্রায় সাত হাজার লোক এই সুযোগ নিয়ে চার হাজার কোটি টাকা বৈধ করেছিল। বর্তমান অর্থ বছরের শুরু থেকে সরকার বিভিন্ন মহলের সমালোচনার মুখে এই সুযোগ বাতিল করে।
১৯৮৪ সালের আয়কর বিধিমালা ১৯ বি ধারা অনুযায়ী একজন ব্যক্তি তার সম্পত্তির উৎস গোপন করে দুইশ বর্গমিটারের কম জায়গার ক্ষেত্রে ৩০০ টাকা এবং জায়গার পরিমাণ এর বেশি হলে ৫০০ টাকা কর দিয়ে বাড়ি কিনতে বা নির্মাণ করতে পারেন।
এলাকাগুলো ছিল ঢাকার গুলশান, বনানী, বারিধারা, বসুন্ধরা, ধানমন্ডি এবং ডিওএইচএস। চট্টগ্রামের পাঁচলাইশ এবং খুলশি। অন্যান্য এলাকার ক্ষেত্রে কর হার অপরিবর্তিত রয়েছে।
আয়কর বিধিমালার ১৯ এর উপধারা বিবি অনুযায়ী একজন ক্রেতা তার আয়ের উৎস গোপন রেখে সাড়ে সাত শতাংশ কর দিয়ে জমি কিনতে পারেন। কিন্তু একজন সৎ করদাতাকে জমি কিনতে হলে ১০ শতাংশ কর দিতে হয়।
একইভাবে মটরগাড়ি কেনার সময় একজন ক্রেতা আয়ের উৎস গোপন করে ইঞ্জিনের ক্ষমতা অনুযায়ী ১০ থেকে ১৫ শতাংশ কর দিয়েই গাড়ি কিনতে পারেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এমএআর/জিএনএ/২৩৩৬ ঘ.
bdnews24