বরিশাল, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- যৌথবাহিনীর সদস্যরা রোববার রাতে বরিশাল শহরে অভিযান চালিয়ে চার ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে। সোমবার তাদের কারাগারে পাঠিয়ে দিয়েছে আদালত।
আটককৃতরা হলেন বরিশাল সদর হাসপাতাল সংলগ্ন স্মৃতি মেডিকেল হলের হিমাংশু শেখর বিশ্বাস, নগরীর বাজার রোডের হক মেডিসিন মার্টের মো. ওমর ফারুক, বেলতলার কর্মকার ফার্মেসির সুভাষ চন্দ্র কর্মকার ও তার ভাই কমলা ফার্মেসির মন্টু কর্মকার।
কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ--পরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন, আটক চারজনের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪০৬ এবং ৪২০ ধারায় চারটি মামলা দায়ের করেছে।
আটককৃতদের সোমবার দুপুরে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট মুনির হাসান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জিজ্ঞাসাবাদে আটক হিমাংশু চন্দ্র বিশ্বাস ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের কাছে স্বীকার করেছেন, এ পেশায় তার কোন সরকারী অনুমতি নেই। পিতার কাছ থেকে তিনি হাতে--কলমে ডাক্তারী শিক্ষা পেয়েছেন। তার বাবা হেমন্ত চন্দ্র বিশ্বাস পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন।
হিমাংশু আরও জানান, বছর দশেক আগে বাবা মারা যাওয়ার পর তিনি এ ব্যবসার হাল ধরেন।
এর আগে গত ১৫ মে যৌথবাহিনী অভিযান চালিয়ে চার ভূয়া চিকিৎসককে আটক করে। এরা হলেন রাখি ডেন্টাল কেয়ারের কমল কৃষ্ণ হালদার, ফিরোজা ডেন্টাল কেয়ারের হাসান, নার্সিং হোমের আবদুর রব আকন এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় শ্রেণীর কর্মচারী মঞ্জুরুল আলম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/২০২৫ ঘ.
bdnews24