বাগেরহাট, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)--- বাগেরহাটের মংলায় সুন্দরবন সংলগ্ন জয়মনি গ্রামে রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে রোববার ভোরে ময়না মণ্ডল (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।
বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার ভোর রাতে বাঘটি সড়কির খাল পার হয়ে জয়মনি গ্রামে ঢুকে পড়ে এবং গ্রামবাসী কৃষ্ণপদ মণ্ডলের ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে তার মা ময়না মণ্ডলের মাথার বাম পাশে কামড়ে ধরে বাইরে নিয়ে আসে। শব্দ পেয়ে কৃষ্ণ ও পঙ্কজসহ বাড়ির লোকেরা ঘুম থেকে উঠে চিৎকার শুরু করে। তারা টিন পিটিয়ে এবং লাঠি নিয়ে বাঘকে ধাওয়া করে। এক পর্যায়ে বাঘ গুরুতর আহত অবস্থায় ময়নাকে ফেলে বনে চলে যায়। এর কিছুক্ষণ পর ময়না মারা যান।
বাঘের আক্রমণে গ্রামবাসী নিহত হওয়ার ঘটনায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের খড়মা নদী ও সড়কির খাল সংলগ্ন সুন্দরবন ইউনিয়নের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে সুন্দরবন পূর্ব বিভাগ ঐ এলাকায় টহল জোরদার করার পাশাপাশিসহ সচেতনতামূলক মাইকিং করে এবং হাট বাজারে ঢেরা পিটিয়ে জনসাধারণকে সতর্ক করছে।
মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেহেদী হাসান রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে শনিবার সকালে একটি হরিণ গোড়া বুড়বুড়িয়া গ্রামের একটি বাড়ির বাগানে ঢুকে পড়ে। এসময় কিছু লোক হরিণটিকে ধাওয়া করে এবং পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে বনকর্মীরা এসে মৃত হরিণটি উদ্ধার করে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম শহিদুল্লাহ জানান, বাঘের আক্রমণে একজন নিহত এবং হরিণ পিটিয়ে মারার ঘটনায় মংলার ঐ এলাকায় একটি টহল ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/প্রতিনিধি/এসডি/১৬২৪ ঘ.
bdnews24