ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--হঠাৎ অসুস্থ প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এখন পুরোপুরি সুস্থ। সোমবার সকাল থেকেই তিনি তার দপ্তরে আছেন এবং নির্ধারিত সব কর্মসূচিতেও অংশ নেবেন।
উপদেষ্টার সুস্থতার বিষয়টি নিশ্চিত করে প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "প্রধান উপদেষ্টা বর্তমানে পুরোপুরি সুস্থ। সকাল থেকেই তিনি অফিস করছেন। এ ছাড়া নির্ধারিত সকল কর্মসূচিতেও তিনি অংশ নেবেন।"
রোববার টাঙ্গাইলে জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান প্রধান উপদেষ্টা। তাৎক্ষণিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দুপুরেই তাকে হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়।
অতিরিক্ত গরমের কারণে পানিশূন্য হয়ে পড়ায় উপদেষ্টা অজ্ঞান হয়ে যান বলে তার চিকিৎসকরা জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএল/কেএম/১৩৪০ঘ.
bdnews24