২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক যোগাযোগমন্ত্রী ও জাতীয় পার্টি একাংশের সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 02:24 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক যোগাযোগমন্ত্রী ও জাতীয় পার্টি একাংশের সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করা হয়েছে। রোববার বিকেলে ঢাকার মহানগর চতুর্থ সহকারী জজ আদালতে আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে মাদক আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠন করা হয়। এ সময় তাকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির আদেশ দেন বিচারক সৈয়দ জাহেদ মনসুর। আগামী ৭ জুন এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এর আগে হাইকোর্ট এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত মঞ্জুকে জামিন দিয়েছিল। তিনি এরপর বিদেশে গেছেন বলে তার আইনজীবীরা এর আগে আদালতে জানান। গত ২৮ মে বিচারক তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি আদালতে আসেননি। গত ৮ মার্চ যৌথবাহিনী আনোয়ার হোসেন মঞ্জুর ধানমণ্ডির বাসা থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় একটি মামলা করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/জেকে/এমএইচবি/২০০২ ঘ.