ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- যশোর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, সাভার, খুলনা, চাঁপাইনবাবগঞ্জ ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১৩ জন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। (আরও তথ্যসহ--৪)
প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: যশোরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছে এবং আহত হয়েছে ২০ জন ।
শুক্রবার ভোরে যশোর--মাগুরা সড়কের খাজুরা বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাকা ফেটে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ঢাকার মিরপুরের জুয়েল নামে একজন মারা যান। আহত ১২ জনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান বাগেরহাটের মল্লিক বেড় গ্রামের শাহরিয়ার কবির রাজু (২৮) এবং চট্টগ্রামের তসলিম উদ্দিন (৩০)।
কোতোয়ালি খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মতিন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া বিমানবন্দর সড়কে বালি বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে আলী বক্স বিশ্বাস (৮০)। নিহতের বাড়ি ভেকুটিয়া গ্রামে। দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়।
আহতদের যশোর জেনারেল হাসপাতাল ও কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ: ঢাকা থেকে নেত্রকোনাগামী গ্রীন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস সকাল সাড়ে ১১টার দিকে শিকারি কান্দা এলাকায় পৌঁছানোর পর তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশের একটি গাছের সঙ্গে লেগে দুমড়ে--মুচড়ে যায়। এতে ৩০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তিনজন মারা যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
অপরদিকে বৃহস্পতিবার রাতে একই সড়কে ত্রিশাল উপজেলার বৈলরে ট্রাকের চাপায় অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আখতারুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ খবর নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোতোয়ালী ও ত্রিশাল থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লা--সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে শুক্রবার ভোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক জামিল নবী (৩০) ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ একটি ট্রাক ও হেলপারকে আটক করতে সক্ষম হয়েছে।
সাভার: ঢাকা--আরিচা মহাসড়কের সাভারস্থ আমিন বাজার সালেপুর সেতুর কাছে শুক্রবার বিকেলে গাড়ি চাপা পড়ে রুবেল নামে আট বছর বয়সের এক শিশু মারা গেছে।
পুলিশ লাশ উদ্ধার করে সাভার থানায় নিয়ে আসে।
সাভার থানা সহকারি উপ--পরিদর্শক (এএসআই) মজিবুর রহমান জানান, বিকেল তিনটার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির চাপায় রুবেল মারা যায়।
নিহত রুবেল আমিন বাজার এলাকার দেওয়ান বাড়ি মহল্লার নাসির উদ্দিনের ছেলে।
খুলনা: ডুমুরিয়া উপজেলার রুদ্রক্ষরা ইউনিয়নের মিকশিমিল এলাকায় শুক্রবার সকালে একটি নছিমন খাদে পড়ে গেলে শিলাবৃত্ত বিশ্বাস (২৬) নামে এক যাত্রী মারা গেছে। শনিবার তার সাক্ষীরা জেলার কালীগঞ্জে ব্যাকের কর্মী পদে যোগদানের কথা ছিল।
তিনি ফুলতলা উপজেলার পিপরাইল গ্রামের মৃত শিবপদ বিশ্বাসের মেয়ে।
ডুমুরিয়া থানা পুলিশ জানায়, দুইদিন আগে নতুন চাকরির খবর দিতে খালার বাসায় এসেছিলেন শিলাবৃত্ত। শুক্রবার বেলা ১১টায় নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ নছিমনটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ--সোনামসজিদ সড়কের ছত্রাজিতপুরে শুক্রবার ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আয়নাল হক (৬৫) নামে একজন মুক্তিযোদ্ধা মারা গেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লেলিন আলমগীর জানান, সোনা মসজিদগামী একটি ট্রাক শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুরে পানখাকি পাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে লালচানের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় পথচারি মুক্তিযোদ্ধা আয়নাল হক ঘটনাস্থলেই মারা যায়।
ট্রাকের ধাক্কায় লালচানের বাড়ির আংশিক ক্ষতি হয়েছে।
এ ঘটনায় ট্রাকটিকে আটক করা গেলেও চালক ও সহকারি পালিয়ে যেতে সক্ষম হন।
কুমিল্লা : ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে এক সড়ক দুর্ঘটনায় এক পিকআপ চালক নিহত হয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, শুক্রবার দুপুরে বুড়িচংয়ের কোরপাই এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পিকআপ চালক ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে বুড়িচং থানায় একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরবি/এফএফ/এমএআর/এসডি/জেকে/২০০৪ ঘ.
bdnews24