২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটলের ৪ কোটি টাকার স্টেডিয়ামে শুধুই ইঁদুর দৌঁড়

নাটোরের লালপুর থেকে নির্বাচনে জিতেই ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছিলেন ফজলুর রহমান পটল। নিজের এলাকার মানুষকে একটা স্টেডিয়াম উপহার দেবেন না তা কি হয়? ৪ কোটি টাকা খরচ করে ৬ একর আখ চাষের জমির ওপর তার সেই স্টেডিয়ামের নির্মাণকাজ গত বছরই শেষ হয়েছে। ওই মাঠে এ পর্যন্ত কোনো টুর্নামেন্ট না হলেও খেলাধুলা একেবারেই হয় না তা নয়। মাঠের অবস্থা দেখলে বোঝা যায় লালপুর স্টেডিয়ামে এখন নিয়মিত ইঁদুর দৌড় চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 12:07 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

সনৎ বাবলা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম, সিনিয়র প্রতিবেদক ঢাকা, জুন ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নাটোরের লালপুর থেকে নির্বাচনে জিতেই ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছিলেন ফজলুর রহমান পটল। নিজের এলাকার মানুষকে একটা স্টেডিয়াম উপহার দেবেন না তা কি হয়? ৪ কোটি টাকা খরচ করে ৬ একর আখ চাষের জমির ওপর তার সেই স্টেডিয়ামের নির্মাণকাজ গত বছরই শেষ হয়েছে। ওই মাঠে এ পর্যন্ত কোনো টুর্নামেন্ট না হলেও খেলাধুলা একেবারেই হয় না তা নয়। মাঠের অবস্থা দেখলে বোঝা যায় লালপুর স্টেডিয়ামে এখন নিয়মিত ইঁদুর দৌড় চলে। ক্রীড়া মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি লালপুর উপজেলা স্টেডিয়াম ঘুরে এসে প্রতিবেদনে জানিয়েছেন, স্টেডিয়ামটি এখন ইঁদুরের আস্তানায় পরিণত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সনৎ বাবলা। সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রীর বাড়ির আঙ্গিনায় স্টেডিয়াম নির্মাণের বিষয়টি খতিয়ে দেখতে ক্রীড়া মন্ত্রণালয় দুই সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির সদস্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুশফিকুর রহমান ও জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম খান গত ৫ মে লালপুর স্টেডিয়াম ঘুরে এসে ২২ মে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে নির্মাণকাজের গুণগত মান যাচাই সম্ভব নয় বলে উল্লেখ করা হলেও একটি উপজেলা শহরে ৪ কোটি টাকা ব্যয়ে এতো বড় স্টেডিয়াম নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, "স্টেডিয়ামের স্থান নির্বাচন আদৌ সঠিক হয়নি। প্রায় ৬ একর জমির ওপর ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়াম নাটোর জেলার ক্রীড়া উন্নয়নে কোনো ভূমিকা রাখবে বলে মনে হয় না। বরং রক্ষণাবেক্ষণের অভাবে একসময় পুরো অবকাঠামোই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে।" প্রতিবেদনে আরো বলা হয়, সাধারণত এরকম স্টেডিয়াম তৈরির উপযুক্ত জায়গা জেলা সদর, যেখানে সবসময় খেলাধুলা হয়। অথচ যুক্তির তোয়াক্কা না করে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী নিজের নির্বাচনী এলাকায় স্টেডিয়ামটি নির্মাণের ব্যবস্থা করেন। এখন উপজেলা কর্তৃপক্ষ স্টেডিয়ামের রক্ষণাবেক্ষনের টাকা যোগাড় করতে গিয়েই হিমশিম খাচ্ছে। তাছাড়া স্টেডিয়ামের মাঠ এরইমধ্যে ইঁদুরের দখলে চলে গেছে। ইঁদুরের অগণিত গর্তে মাঠটি 'অসমান রূপ ধারণ করেছে' বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কমিটির দুই সদস্য মুশফিকুর রহমান ও আমিনুল ইসলাম খান এই প্রতিবেদকের সঙ্গে এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে লালপুর উপজেলা নির্বাহী অফিসারকে উদ্ধৃত করে প্রতিবেদনে তারা লিখেছেন, "স্টেডিয়ামটি এখন অব্যবহৃত অবস্থায় আছে। অদূর ভবিষ্যতে এখানে খেলাধুলা হবে সেই সম্ভাবনাও কম।" স্টেডিয়ামের নির্মাণ কাজ গত বছর শেষ হলেও আজ পর্যন্ত সেখানে কোনো টুর্নামেন্ট হয়নি। খেলা হয় সুগার মিলের একমাত্র বড় মাঠটিতেই। এলাকাবাসীর দাবি ছিল সুগার মিল মাঠেই গ্যালারি নির্মাণ করা হোক। তার বদলে আস্ত একটা স্টেডিয়াম পেলেও স্থানীয় ক্রীড়াঙ্গণের তেমন কোনো লাভ হয়নি। পটলের উদ্যোগে লালপুরে স্টেডিয়াম নির্মিত হলেও নাটোর জেলা সদরের স্টেডিয়ামটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। নাটোর স্টেডিয়ামে গ্যালারি আছে মাত্র এক দিকে। বাকি তিন দিকই ফাঁকা। অবশ্য এ কারণে নিয়মিত খেলাধুলা আটকে নেই। জেলার ক্রিকেট ফুটবলের বড় টুর্নামেন্টগুলো নাটোর স্টেডিয়ামেই হয়। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এসবি/এমএম/জেকে/এমএইচবি/১৭৫৭ ঘ.