২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে পাঁচ প্রস্তাব অনুমোদন

ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে বগুড়ায় ২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পাঁচ লাখ ৩৭ হাজার ৫০০ মেট্রিকটন ইউরিয়া আমদানিসহ পাঁচটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 01:53 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, যোগাযোগ উপদেষ্টা এম এ মতিনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমরা মোট পাঁচটি প্রস্তাব অনুমোদন দিয়েছি।”

মরক্কোর কাছ থেকে রক ফসফেট কেনার প্রস্তাবটি ফেরত পাঠানো হয়েছে বলে তিনি জানান।

অর্থ উপদেষ্টা বলেন, বগুড়ায় ২০ মেগাওয়াট বেসরকারি খাতে রেন্টাল পাওয়ার প্লান্ট স্থাপনের প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। প্লান্টটি থেকে বিদ্যুৎ কেনার জন্য সরকার ১৫ বছরের চুক্তি করবে এবং এক্ষেত্রে প্রতি কিলোওয়াট/ঘণ্টা বিদ্যুতের দাম পড়বে তিন টাকা ১৬ পয়সা।

এ ছাড়া ২০০৭-০৮ অর্থবছরে কাফকোর কাছ থেকে সরকার পাঁচ লাখ মেট্রিক টন দানাদার ইউরিয়া, নাইজেরিয়ার কাছ থেকে ২৫ হাজার মেট্রিক টন প্রিল্ড ইউরিয়া এবং চীন থেকে সাড়ে ১২ হাজার দানাদার ইউরিয়া কেনা হবে বলেও তিনি জানান।

এক্ষেত্রে নাইজেরিয়ার প্রতিষ্ঠানটিকে প্রতি মেট্রিক টন সারের বিপরীতে ৩১০ ডলার পরিশোধ করতে হবে।

চীনের কাছ থেকে কেনা প্রতি মেট্রিক টন ইউরিয়ার দাম চট্টগ্রাম বন্দরে পড়বে ৩৭৬ দশমিক ৩৭ ডলার এবং মংলায় ৩৯৪ দশমিক ৮৫ ডলার।

উপদেষ্টা আরবান হেলথ কেয়ার প্রকল্পের জন্য বিসিসিএম, পিপিএমই ও বিএসইএসসি নামের তিনটি পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ার কথাও জানান। এ জন্য ব্যয় হবে ২৪ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার ৮৫৯ টাকা।

এসময় তিনি জার্মানি থেকে কনডম ও জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট আমদানির বিষয়টিও সাংবাদিকদের জানান।

মঙ্গলবারের বৈঠকে পূর্বাঞ্চলে ভুমি উন্নয়ন কাজের জন্য ৬২ কোটি পাঁচ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ১২টি গ্রুপ এই ভূমি উন্নয়নে কাজ করবে।