মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন
সম্পত্তির হিসাব গোপন করায় রোববার সংসদ ভবনের বিশেষ আদালতে সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
একই দিন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মীর নাছির এবং আমানউল্লাহ আমানের বিরুদ্ধে দুর্নীতি মামলারও সাক্ষ্যগ্রহণ হয়।
বিশেষ আদালত-৩ এ মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। অভিযোগ গঠন শেষে বিচারক শাহেদ নূর উদ্দিন আগামী ২৯ মে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
মীর নাছির ও তার ছেলে মীর হেলাল উদ্দিনের দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ হয় বিশেষ আদালত-২ এ। বিচারক অমর কুমার রায়ের এ আদালতে সাক্ষ্য দিয়েছেন পিডাব্লিউডির নির্বাহী প্রকৌশলী আবুল হাশেম ও প্রকৌশলী আব্দুল কাদের।
বিশেষ আদালত-১ এ আমানউল্লাহ আমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার জনের সাক্ষ্যগ্রহণ হয়। বিচারক ফিরোজ আলমের এ আদালতে সাক্ষ্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের অঞ্চল-৫ এর সহকারী প্রধান আয়কর কর্মকর্তা ফরিদুর রহমান, আবুল কাশেম ও উপপরিচালক ইফতেখার উদ্দিন এবং আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানের ভাই আসকর ইবনে ইসলাম।
মহীউদ্দীন খান আলমগীর, মীর নাছির ও আমানউল্লাহ আমান তিন জনকেই রোববার কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
