দলের প্রয়াত নেতা ও আত্মীয়ের বাসায় শেখ হাসিনা
বঙ্গবন্ধু শিল্পী গোষ্ঠীর সভাপতি মরহুম আলী আহম্মেদ এবং পারিবারিক আত্মীয় মরহুম এ টি এম আশরাফউদ্দৌলার বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার মামাতো ভাই এ টি এম আশরাফউদ্দৌলা বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন কিডনির রোগে ভুগছিলেন।
শুক্রবার সকালে রাজধানীর শাহজাহানপুর স্টাফ কোয়ার্টারে আশরাফউদ্দৌলার বাসভবনে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান শেখ হাসিনা।
বিকালে নওয়াবপুর রোডে আলী আহম্মেদের বাসায় মরহুমের চেহলামে অংশ নেন হাসিনা। এ সময় উপস্থিত আওয়ামী লীগ নেতাÑকর্মীদের খোঁজ খবরও নেন তিনি।
সাবেক সাংসদ জাহিদ আহসান রাসেল, ঢাকার সাবেক মেয়র মো. হানিফের ছেলে সাঈদ হোসেন খোকন ওই সময় উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগরীর ৭৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আহম্মেদ গত ২৫ এপ্রিল বার্ধক্যজনিত কারণে মারা যান।
