বিমানবন্দরগুলোতে প্রবাসীদের আগমন ও বহিরাগমন সহজ করার উদ্যোগ
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসীদের আগমন ও বহিরাগমন সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
একই সঙ্গে ইমিগ্রেশন কাউন্টারের কর্মকর্তাদের ভাষাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্যও ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের সভায় স্বরাষ্ট্র সচিব আবদুল করিম এ নির্দেশ দেন। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বহিরাগমন বিভাগের কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, বিমানবন্দরগুলোতে প্রবাসীদের জন্য ইমিগ্রেশন কাউন্টারের সংখ্যা কম হওয়ায় যাত্রীদের বিভিন্ন ধরনের জটিলতার মুখে পড়তে হয়। অথচ একই সময়ে অন্য কাউন্টারগুলোতে চাপ অনেক কম থাকে। এ কারণে প্রবাসীদের কাউন্টারে অতিরিক্ত চাপ থাকলে অন্য কাউন্টারগুলোও তাদের জন্য খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সভায় ইমিগ্রেশন কর্মকর্তাদের বাংলা, ইংরেজি ও আরবী ভাষা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।
এছাড়া প্রতারণার শিকার হয়ে বিভিন্ন দেশ থেকে ফেরত আসা এবং ভুয়া পাসপোর্ট বা ভিসায় বহির্গমনের সময় ধরা পড়া ব্যক্তিদের হয়রানি কমিয়ে প্রতারকদের খুঁজে বের করার জন্য ইমিগ্রেশন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
