বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে খুলনার রূপসা সেতুর পাড়ে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিন জন। আর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুটি বাসের সংঘর্ষে দু’শিশু নিহত হয়। এ সব দুর্ঘটনায় মোট ৫৯ জন আহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
খুলনা: সকালে রূপসা সেতুর পশ্চিম পাশে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাগেরহাটের ফকিরহাট থেকে আসা একটি পিকআপ ভ্যানের। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন চালক হিরু (৩৫)। হাসপাতালে নেওয়ার পর মারা যান পিকআপ আরোহী নলদা গ্রামের সোলয়মানের ছেলে শহীদুল ইসলাম (৩৫) এবং কাকডাঙ্গা গ্রামের নুরুল শেখের ছেলে বোরহান (৩৪)।
দুর্ঘটনায় আহত হন পিকআপ আরোহী আশরাফ (৩৫), শাহ আলম (৪৯) আলিম (৩৫), রনি (২৮), মদা (৩৬) ও নাছির (৩০)। তারা সবাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক মারুফ হোসেন জানান, পিকআপটিতে চড়ে আট জন মাছের পোনা ব্যবসায়ী খুলনা আসছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের হাসপাতালে নিয়ে যায়। তবে বাসচালক পালিয়ে যায়।
তিনি জানান, লাশগুলো ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর বাস ও বিধ্বস্ত পিকআপ ভ্যানটি লবণচরা ফাঁড়িতে রাখা হয়েছে।
এদিকে যশোরে সড়ক দুর্ঘটনায় আহত সাজ্জাদ (২৫) নামে এক যুবক বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। তার বাড়ি যশোরের কোতয়ালী থানার শংকরাপুর এলাকায়। বাবার নাম আবুল হোসেন। বৃহস্পতিবার ভোরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া: আশুগঞ্জের খড়িয়ালায় ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দু’শিশু নিহত ও ৩০ যাত্রী আহত হন।
নিহত দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল, আশুগঞ্জ ও ঢাকার পাঠানো হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেনগুপ্ত জানান, দুপুর দুইটার দিকে এনপি পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেট-নেত্রকোনা রুটের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।
বগুড়া: বগুড়ার সুজাবাদে সকালে ট্রাক-টেম্পু মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও ছয় জন আহত হন। নিহতরা হলেন সদরের গণ্ডগ্রামের গৌর দাশ মোহন্তের ছেলে বিনয় চন্দ্র মোহন্ত ও শাহজাহানপুর উপজেলার দোমাছা গ্রামের আহাম্মেদ আলীর স্ত্রী উম্মে বিনতি (৫০)।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক ফরিদা আক্তার জানান, সকাল ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। এতে আট জনকে জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় মোহন্ত ও উম্মে বিনতির।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
কুমিল্লা: চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও ১৫ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে কুমিল্লা থেকে মুন্সিরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে নোয়াখালীগামী অপর এক যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও ১৫ জন আহত হন।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
জয়পুরহাট: জেলার ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজারে সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ চুরমার হয়ে যায়। নিহত হন ট্রাকচালকের সহকারী দেলোয়ার হোসেন (১৭)। ওই দুর্ঘটনায় চালক ফেরদৌস (৪০) ও আরোহী রুহুল আমিন আহত হন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সোরাওয়ার্দী জানান, আহতদের জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মাদারীপুর: শিবগঞ্জ উপজেলার ভাঙ্গা-কাওরাকান্দি মহাসড়কের সন্নাসীরচর টেম্পু স্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসের চাপায় মধু মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হন।
নিহতের বাবা নভিকান্দি গ্রামের আবুল হোসেন মিয়া জানান, ঘটনার সময় মধু রাস্তা পার হচ্ছিল।
