মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম জেলা কার্যালয় বৃহস্পতিবার মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছে।
কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারি উপ পরিদর্শক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্ষতিসাধন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা এ মামলা দায়ের করেছেন।
চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু মো. আরিফ সিদ্দিকী বাদী হয়ে দায়ের করা এ মামলায় মেয়র ছাড়াও সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মোক্তার আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আবুল হাসনাত, জুবলী ট্রেডার্সের মালিক মো. হোসাইন হায়দার আলী ও জনৈক সাজ্জাদ হোসেনকে আসামী করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা জানান, দরপত্র ছাড়া সিটি কর্পোরেশনের পাঁচটি ট্রাক ও একটি গ্রেডার সরবরাহের ক্ষেত্রে আর্থিক অসঙ্গতি থাকায় এ মামলা করা হয়েছে।
