২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে অর্থ সহায়তা বাড়াবে অস্ট্রেলিয়া

বাংলাদেশে অর্থ সহায়তা বাড়াবে অস্ট্রেলিয়া। একই সঙ্গে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসাও করেছে দেশটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 05:35 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

অস্ট্রেলীয় রাষ্ট্রদূত ডগলাস ফসকেট বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, আগামী ১৩ থেকে ১৪ জুন ইফতেখার আহমদ চৌধুরীর অস্ট্রেলিয়া সফর নিয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠক শেষে ডগলাস ফসকেট সাংবাদিকদের জানান, বাংলাদেশে অর্থ সহায়তা ৩৩ শতাংশ বাড়ানো হবে।

অস্ট্রেলিয়া এখন বাংলাদেশকে বছরে ৩ কোটি ৬০ লাখ ডলার সহায়তা দিচ্ছে।

অস্ট্রেলীয় রাষ্ট্রদূত বলেন, “বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপে আমরা সন্তষ্ট। এর মধ্য দিয়ে ইতিবাচক ভবিষ্যতের ইঙ্গিতও মিলছে।”

ডগলাস ফসকেট বলেন, “সফরকালে পররাষ্ট্র উপদেষ্টা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডাউনারের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। তার এ সফরের মধ্য দিয়ে পারস্পারিক সম্পর্ক আরও মজবুত হবে।”

ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অস্ট্রেলিয়া আমাদের সহায়তা করতে পারে। সফরকারে সে দেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ বিষয়ের ওপর আমি জোর দেব।”

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বাংলাদেশে আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়েনও পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন।