সাতক্ষীরায় অস্ত্র ও বিস্ফোরকসহ দু’ব্যক্তি গ্রেপ্তার
শহরের বাঁকাল সেতুর কাছে বৃহস্পতিবার ভোররাতে দুইটি পাইপগান ও এক কেজি বিস্ফোরক দ্রব্যসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আবদুল জলিল (৩২) ও জামাল উদ্দিনের ছেলে আবদুর রাজ্জাক (২৮)।
যৌথবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মিতুল রহমান জানান, বাঁকাল সেতুর কাছে সাতক্ষীরাগামী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে অস্ত্র ও বিস্ফোরকসহ ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়।
তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
