২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমিত আকারে জিয়ার মৃত্যুবার্ষিকী পালন করবে বিএনপি

জরুরী অবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা থাকায় এবং সরকার সভা সমাবেশ করার অনুমতি না দেওয়ায় এবছর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী সীমিত আকারে পালন করবে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 04:06 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে, শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ, মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, মন্দির-প্যাগোডা ও গীর্জায় বিশেষ প্রার্থনা এবং এতিমখানায় খাবার বিতরণ।

বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, জরুরী অবস্থার কারণে এবার কর্মসূচি সীমিত আকারে পালন করা হবে। বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে সরকারের কাছে অনুমতিও চাওয়া হয়েছে ।

তিনি জানান, সারাদেশে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের জন্য জেলা, উপজেলা ও থানা পর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বিএনপি কেন্দ্রীয়ভাবে দু’দিনের কর্মসূচি নিয়েছিল। এর মধ্যে ২৯ মে বিকেলে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা এবং রাজধানীর কয়েকটি স্থানে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণের কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার দুপুরে সরকার জানিয়ে দেয়, জরুরী অবস্থার কারণে আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা যাবে না।