দুর্নীতি মামলায় মামুনের স্ত্রীর সাক্ষ্য নেবে না আদালত
বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় তার স্ত্রী শাহিনা ইয়াসমিনের সাক্ষ্য না নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
একইসঙ্গে মামলাটিতে নতুনভাবে আরও চারজনের সাক্ষ্য নেওয়ার জন্য ২৮ মে দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার সংসদ ভবনে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আশরাফ হোসেনের আদালত এই আদেশ দেয়।
বুধবার একই আদালতে মামুনের আইনজীবী মো. ফখরুল ইসলাম বলেন, একে অপরের বিরুদ্ধে মামলা না করলে আইনগতভাবে স্বামীর বিরুদ্ধে স্ত্রী বা স্ত্রীর বিরুদ্ধে স্বামী সাক্ষ্য দিতে পারেন না। এ কারণে সাক্ষীর তালিকা থেকে শাহিনা ইয়াসমিনের নাম বাদ দেওয়ার আবেদন জানান তিনি।
নতুন চারজন সাক্ষী হলেন, দুর্নীতি দমন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা আতাউল কবীর এবং পুলিশ কনস্টেবল মিজানুর রহমান, সাইফুল ইসলাম ও মোজাম্মেল হক।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মামুনকে আদালতে হাজির করা হয়।
মঙ্গলবার একই আদালতে মামলাটির বাদী দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক আখতার হামিদ ভূঁইয়া ও মাঠকর্মী আখেরুজ্জামানের সাক্ষ্য নেওয়া হয়।
গত ১৪ মে এই মামলার অভিযোগ গঠনের পর ১৭ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। কিন্তু মামুন অসুস্থ থাকায় সাক্ষ্য নেওয়ার তারিখ পিছিয়ে মঙ্গলবার ধার্য করা হয়।
গত ১৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন দুর্নীতির অভিযোগে ৫০ জনের একটি তালিকা প্রকাশ করে ৭২ ঘণ্টার মধ্যে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দেয়। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের হিসাব না দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক আখতার হামিদ ভূঁইয়া মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
