চাটখিল পৌর চেয়ারম্যান আটক
নোয়াখালীর চাটখিল পৌরসভা চেয়ারম্যান ও বিএনপি নেতা মোস্তাফা কামাল চৌধুরীকে বুধবার সন্ধ্যায় যৌথবাহিনী আটক করেছে। রাতেই তাকে চাটখিল থানায় সোপর্দ করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, মোস্তাফা কামাল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, পৌর মার্কেটের কক্ষ বরাদ্দে অনিয়ম ও অর্থ আত্মসাতের বিভিন্ন অভিযোগ রয়েছে। মঙ্গলবার পৌরসভার প্রকৌশলী আবু তাহের সাদেক যৌথবাহিনীর কাছে তার বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন। চেয়ারম্যানের বিরুদ্ধে তিনি অন্যান্য অভিযোগের পাশাপাশি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার কথা উল্লেখ করেন।
ওসি জানান জিজ্ঞাসাবাদ শেষে যৌথবাহিনী মোস্তফা কামাল চৌধুরীকে চাটখিল থানায় সোপর্দ করেছে।
