সাতক্ষীরায় অপহরণ করতে গিয়ে সন্ত্রাসী নিহত
সাতক্ষীরার তালায় মাগুরা ইউনিয়নের এক বিএনপি কর্মীকে অপহরণ করতে গিয়ে নিজেদেরই বোমায় মারা গেছে এক সন্ত্রাসী। মঙ্গলবার রাতে তালা উপজেলার মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় বিএনপি কর্মী আবদুল মজিদ ও তার ভাইসহ চারজন আহত হন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, মঙ্গলবার রাতে ৮/৯ জন সন্ত্রাসী আবদুল মজিদকে তার বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা করে। এ সময় তার পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটায়।
এরপর হামলাকারীরা আবদুল মজিদকে মারধর শুরু করলে তার ভাই আব্দুল আজিজ তাকে বাঁচাতে এগিয়ে আসেন। তিনি সন্ত্রাসীদের কাছ থেকে পড়ে যাওয়া একটি বোমা ইটের টুকরো ভেবে কুড়িয়ে নিয়ে এক সন্ত্রাসীর মাথায় আঘাত করলে বিস্ফোরণে ওই সন্ত্রাসীর মাথা ও আবদুল আজিজের কব্জি উড়ে যায়। ঘটনাস্থলেই ওই সন্ত্রাসীর মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি।
বিস্ফোরণে আহত আবদুল মজিদ, তার স্ত্রী শাহানা পারভিন, শ্যালিকা জোহরা পারভিন ও ভাই আবদুল আজিজকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, মাগুরা গ্রামের ২ একর ১২ শতক জমি নিয়ে আবদুল মজিদের সঙ্গে তার সৎভাই তৈয়ব ও জলিলের বিরোধ ছিল। এরই জের ধরে ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে এই হামলা চালানো হতে পারে।
তিনি আরও জানান, আব্দুল মজিদের আরেক ভাই বজলুর রহমান এ ব্যাপারে তালা থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে তৈয়ব ও জলিল পলাতক আছেন।
