২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র পুনরুদ্ধারে কমিটি গঠন

পরিকল্পনা কমিশনের আপত্তির কারণে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র পুনরুদ্ধারে সরকারের অনুমোদিত প্রায় ১৪ কোটি টাকার প্রকল্পটি পুনর্বিন্যাসের জন্য তিনটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ জুনের মধ্যে প্রতিবেদন আকারে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 07:38 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

সচিবালয়ে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ নির্দেশ দেওয়া হয়।

মৎস্য ও পশু সম্পদ উপদেষ্টা ড. চৌধুরী সাজ্জাদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় স্বরাষ্ট্র সচিব আবদুল করিমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, যথাযথ রক্ষণাবেক্ষণ এবং পানি--স্বল্পতার কারণে দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে বর্তমানে প্রতি বছর মাত্র ১০০ কেজি রেণু পোনা উৎপাদন সম্ভব হচ্ছে। অথচ ওই নদীতে ১৯৪৬ সালে চার হাজার ১১১ কেজি রেণু পোনা উৎপাদন হতো।

দেশে মাছের চাহিদা পূরণে হালদা নদীতে রেণু পোনা উৎপাদন বৃদ্ধি এবং এর যথাযথ রক্ষণাবেক্ষণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০০৬ সালে ‘হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র পুনরুদ্ধার প্রকল্প’ হাতে নেওয়া হয়। প্রকল্পটি অনুমোদন দেওয়া হলেও পরে পরিকল্পনা কমিশন এতে আপত্তি উত্থাপন করে। ফলে ২০০৬ সালের জুলাই থেকে ২০১১ সালের জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদী ওই প্রকল্পটির কাজ শুরু করা সম্ভব হয়নি।

প্রকল্পটির পুনর্বিন্যাস চূড়ান্ত করতে পানি সম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর এবং পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ওই তিনটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৫ জুনের কমিটি তিনটি তাদের প্রতিবেদন পেশ করলে প্রকল্পটি পুনরায় চূড়ান্ত করে এর কাজ শুরু করা হবে বলে উপদেষ্টা সিএস করিম সাংবাদিকদের জানান।

তিনি বলেন, হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উদ্ধারে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। প্রাথমিকভাবে নেওয়া এ প্রকল্পটি সফল হলে সরকার হালদা নদীকে মাছের অভয়াশ্রম ঘোষণা করবে।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকার প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ওই এলাকার এক হাজার ৫০০ পরিবারের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

এ ছাড়াও প্রকল্প এলাকায় ২০টি অভয়াশ্রম স্থাপন, নদীর মধ্যে ‘মা মাছের’ নিরাপদ অবস্থানের জন্য প্রায় দুই লাখ ৭৩ হাজার ৭৭ ঘনমিটার এলাকায় কূপ খনন, মাছের ডিম  ফোটানোর জন্য ১০০টি জলাধার নির্মাণ এবং চারটি ওভারহেড ওয়াটার ট্যাংক স্থাপন করা হবে।