সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলিতে ৪ পুলিশ আহত, গ্রেপ্তার ১, অস্ত্র ও গুলি উদ্ধার
সুন্দরবনে র্যাব ও কোস্টগার্ডের যৌথ এবং পুলিশের পৃথক অভিযানে ১৩ টি দেশি--বিদেশি অস্ত্র ও ১৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের সঙ্গে বনদস্যুদের ঘন্টাব্যাপী গোলাগুলির ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছে। মোক্তার সরদার (৪০) নামে এক বনদস্যুকে পুলিশ আটক করে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকা এবং শরণখোলা রেঞ্জের পানিরঘাট এলাকায় পৃথক এই অভিযান চালানো হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি এসএলআর, ২টি মার্ক ফোর রাইফেল, ১টি থ্রি নট থ্রি রাইফেল, ১টি পয়েন্ট টু টু বোর রাইফেল, ৬টি বিদেশি ও ২টি দেশি বন্দুক, এবং ১৫৩ রাউন্ড বিভিন্ন বন্দুকের গুলি।
বাগেরহাটের পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বাগেরহাট গোয়েন্দা পুলিশের একটি দল মংলা থানা পুলিশের সহায়তায় সুন্দরবনে অভিযানে নামে।
এ সময় চাঁদপাই রেঞ্জের জয়মনি সিদ্ধিশ্বর এলাকার টোটার মাথা চরে পুলিশ দলের সঙ্গে বনদস্যু কাশেম বাহিনীর ঘন্টাব্যাপী গুলি বিনিময় হয়। বন্দুকযুদ্ধে পুলিশের চার সদস্য আহত হয়।
এক পর্যায়ে পুলিশ মোক্তার সরদার নামে এক বনদস্যুকে আটক করে এবং অন্য বনদস্যুরা পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি এস এল আর, দুটি রাইফেল, দুটি দেশি বন্দুক ও ৩১ রাউন্ড বিভিন্ন গুলি উদ্ধার করে।
ধৃত মোক্তার সুন্দরবনের কুখ্যাত বনদস্যু কাশেম বাহিনীর সদস্য। সে খুলনা জেলার দাকোপ উপজেলার সুতোরখালি গ্রামের সামছু সরদারের ছেলে।
অপর দিকে র্যাব--৬ ও কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা যৌথভাবে সুন্দরবনের শরণখোলা স্টেশন অফিস সংলগ্ন পানিরঘাট এলাকায় বুধবার সকাল থেকে অভিযান চালায়।
দুপুরে তারা ভোলা নদীর পশ্চিম পাড়ে সুন্দরবনের ভেতর কুখ্যাত বনদস্যু বাদল বাহিনীর আস্তানা থেকে মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করে।
র্যাব--৬ এর লেফটেন্যান্ট কমান্ডার নাসের জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি থ্রি নট থ্রি রাইফেল, ৬টি একনলা বিদেশি বন্দুক ও একটি টু টু বোর রাইফেল এবং ১২২ রাউন্ড বিভিন্ন গুলি।
এসব আগ্নেয়াস্ত্র সুন্দরবনের কুখ্যাত বনদস্যু বাদল বাহিনীর আয়ত্বে ছিল। আগ্নেয়াস্ত্র ও গুলি শরণখোলা থানায় জমা দেওয়া হয়েছে।
