নাদিম মোস্তফাকে বাদ দিয়ে দুলুসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল
সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি বলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবিকে মদদ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার অভিযোগপত্র থেকে সাবেক সাংসদ নাদিম মোস্তফাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। নলডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক আরমান হোসেন বুধবার নাটোর আদালতে এই অভিযোগ পত্র দেন।
সাবেক সাংসদ নাদিম মোস্তফার সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতার বর্ণনাসহ গত কয়েক বছরে পত্র--পত্রিকায় বেশকিছু প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
গত ১ এপ্রিল রাজশাহীর পুঠিয়া থানার নান্দিপাড়া দরবেশপুর গ্রামের মহিদুল ইসলাম খাঁ ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সাংসদ নাদিম মোস্তফা ও ছিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাইসহ ২১ জনের বিরুদ্ধে নাটোরের নলডাঙ্গা থানায় এই মামলাটি দায়ের করেছিলেন। মামলার অভিযোগে তখন নাদিম মোস্তফা এবং রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জঙ্গিদের মদদদাতার পাশাপাশি সন্ত্রাসী হিসাবেও উল্লেখ করা হয়।
জনগুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচিত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা আরমান হোসেন মাত্র ৫১ দিনে তদন্ত কাজ শেষ করেন।
তদন্তকারী কর্মকর্তা তার অভিযোগ পত্রে বলেন, আসামী রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার ভাতিজা সাব্বির হোসেন গামা, চাচাতো ভাই মাজু ও ফুপাতো ভাই মুকুল চেয়ারম্যান খুন হওয়ার পর প্রতিপক্ষদের শায়েস্তা করতে এলাকায় দুলুবাহিনী গঠন করেন। এই বাহিনী সক্রিয় রাখতে তিনি জঙ্গিদের কাজে লাগান। তারা প্রতিপক্ষদের শাস্তি দেওয়ার জন্য নলডাঙ্গার পীরগাছা কমিউনিটি সেন্টারে টর্চার সেল গড়ে তুলেন। এখানকার জঙ্গিরা বাংলা ভাইয়ের নেতৃত্বে মিছিল করে আসামী দুলুর নাটোরের বাসভবনে সাক্ষাত করতে যায়। এ সময় তাদের গায়ে সাদা গেঞ্জির ওপর দুলু ও ধানের শীষের ছবি ছিল।
অভিযোগ পত্রে মামলার বাদী মহিদুল ইসলাম খাঁর ওপর নির্যাতনের করুণ কাহিনী উল্লেখ করা হয়েছে। আসামীরা বাদীর বুকের ওপর বাঁশ চাপা দিয়ে তার নাকে মুখে গরম ও ঠান্ডা পানি ঢালে। তাকে বটগাছে ঝুলিয়ে নির্মমভাবে পেটানোর কথাও উল্লেখ করা হয়। এই নির্যাতনের মাধ্যমে তারা দুলুর ভাতিজা গামার হত্যাকারীদের সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা করে বলেও উল্লেখ করা হয়েছে।
তদন্ত শেষে অভিযোগ পত্র দেওয়ার সময় আরও পাঁচজনের নাম সংযুক্ত করা হয়। এদের মধ্যে সাক্ষী প্রমাণ না পাওয়ায় এজাহারভুক্ত আসামী সাবেক সাংসদ (পুঠিয়া--দুর্গাপুর) নাদিম মোস্তফাকে এই মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামী সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের ফাঁসি হওয়ায় অভিযোগ পত্রে তার নামটি বাদ দেওয়া হয়েছে।
সাবেক বিএনপি দলীয় সাংসদ নাদিম মোস্তফাকে অভিযোগ পত্র থেকে বাদ দেওয়ার ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা বলেন, সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত না হওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সাক্ষীরা সত্য গোপন না করলে আসামীদের সর্বোচ্চ দণ্ড হবে।
