নাজমুল হুদার অস্ত্র মামলার সাক্ষ্য নেয়নি নিম্ন আদালত
সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলাটি হাইকোর্টে স্থগিত হয়ে যাওয়ায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে বুধবার এ মামলার সাক্ষ্য নেওয়া হয়নি।
বিচারক মোহাম্মদ আজিজুল হকের আদালতে নাজমুল হুদার আইনজীবী আশা নূর রহমান হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়ে একটি আইনজীবী প্রত্যয়ণপত্র (অ্যাডভোকেট সার্টিফিকেট) দাখিল করেন।
এ সময় তিনি জানান, এ মামলায় হাইকোর্টের স্থগিতাদেশের সত্যায়িত অনুলিপিও তারা দাখিল করবেন। তবে ওই অনুলিপি এখনো পাওয়া যায়নি। পরে বিচারক আগামী ৩ জুন আদালতে সেটি দাখিলের আদেশ দেন।
এর আগে দুপুর ১২টার দিকে নাজমুল হুদাকে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়।
মঙ্গলবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম এর হাইকোর্ট বেঞ্চ নাজমুল হুদার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে অস্ত্র মামলাটির ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন।
গত ৩ ফেব্র“য়ারি গভীর রাতে ব্যারিস্টার নাজমুল হুদাকে ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এর দুদিন পর তার পিলখানার কার্যালয় থেকে পয়েন্ট ৩২ বোর রিভলবারের ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
