২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব, বাণিজ্য ও মুদ্রানীতির সমন্বয়ের অভাবই মূল্যস্ফীতির কারণ: গভর্নর

মুল্যস্ফীতির রাশ টেনে ধরতে দেশের রাজস্ব, বাণিজ্য ও মুদ্রানীতির মধ্যে সমন্বয়ের ওপর জোর দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার বাংলাদেশ ব্যাংকে ‘মিট দি প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, “মুল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দেশের রাজস্বনীতি, বাণিজ্যনীতি এবং মুদ্রানীতির মধ্যে সমন্বয় প্রয়োজন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 06:08 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

সালেহউদ্দিন বলেন, চাহিদার কারণে সৃষ্ট মূল্যস্ফীতি যথাযথ মুদ্রানীতি দিয়ে সমাধান করা যেতে পারে। তবে সরবরাহের কারণে দেখা দেওয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে এ তিন নীতির সমন্বয় করতেই হবে।

সমন্বয়ের ওপর জোর দিয়ে গভর্নর আরও বলেন, দেশের অর্থনীতির প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্যও এ তিন নীতি আলাদাভাবে অনুসরণ না করে সমন্বিতভাবে কোনও কিছু করার উপায় বের করতে হবে।

মার্চ মাসে মূল্যস্ফীতি আগের মাসের চেয়ে শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে সাত দশমিক ৪৩ শতাংশে গিয়ে দাঁড়ায়। অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট ফোরামগুলো বেশ কিছুদিন ধরেই সামষ্টিক অর্থনীতির সমন্বয়ের ওপর জোর দেওয়ার কথা বলে আসছিল।

সালেহউদ্দিন বলেন, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামসহ অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধির কারণে আমদানি খরচ বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি বেড়েছে।

তবে তিনি জানান, খাদ্য দ্রব্যের ক্ষেত্রেই মূল্যস্ফীতি বেড়েছে। এ খাতে গত বছরের জুনে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৭৬ শতাংশ, যা মার্চে এসে শতকরা আট ভাগ বেড়েছে। কিন্তু অন্যান্য খাতে মূল্যস্ফীতি কমেছে।

গভর্নর জানান, ভারতের চেয়ে আমাদের দেশে মূল্যস্ফীতির হার বেশি হলেও পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে কম।

তিনি দাবি করেন, জ্বালানি মূল্য শতকরা ২১ ভাগ বাড়লেও তার প্রভাব বাজারে খুব একটা পড়বে না। কারণ আমাদের ভোক্তা মূল্যসূচকে কেরোসিন ও ডিজেল ব্যবহারকারী পরিবহনসহ অন্যান্য খাতের ভর অপেক্ষাকৃত কম।

মূল্যস্ফীতি পরিমিত রাখতে করণীয় হিসেবে চার স্তরের পরিকল্পনা নিতে হবে বলে জানান গভর্নর।

তার মতে, বড় আমদানিকারকদের সিন্ডিকেট বাণিজ্য বন্ধ করতে ক্ষুদ্র ব্যবসায়ীদের আমদানিতে উৎসাহ যোগাতে হবে। মধ্যস্বত্বভোগীদের উচ্ছেদে উৎপাদনকারী ও ভোক্তাদের সমবায় সমিতি গঠন করতে হবে। এর মাধ্যমে কৃষিজাত দ্রব্য সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে সংগ্রহ করা যাবে। ফলে মধ্যস্বত্বভোগীরা ফায়দা নিতে না পারায় খাদ্য দ্রব্যের দাম কমে আসবে।

উচ্চ মূল্যে বিদেশ থেকে আমদানির চেয়ে দেশেই চাষাবাদের উদ্যোগ নেওয়ার পক্ষপাতি গভর্নর। তিনি বলেন, এতে কৃষকরাও লাভবান হবেন।

এছাড়া কর্মসংস্থান ও আয় বাড়ানোর জন্য নানামুখী কর্মসূচি নেওয়া প্রয়োজন বলে মনে করেন ড. সালেহউদ্দিন।

পাশাপাশি ব্যবসায়ী সংগঠন এবং ক্ষুদ্র ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা দেখেছি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় কোন সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আমরা এ ব্যাপারে যথা শিগগিরই ব্যবস্থা নেব।”