অভ্যন্তরীণ রক্তক্ষরণে মজনুর মৃত্যু হয়
দেহের অভ্যন্তরে রক্তক্ষরণের কারণে রাজশাহীর ছোট বনগ্রাম এলাকার কামরুজ্জামান মজনুর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও পাওয়া গেছে। মজনুর লাশের ময়না তদন্ত রিপোর্টে এ কথা বলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে এ রিপোর্ট বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়। রিপোর্টে স্বাক্ষর করেন ওই কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোস্তাক রহিম এবং ডা. আলী আকবর।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে র্যাব--৫ এর একটি দল ছোট বনগ্রাম এলাকার লিচু বাগানে কামরুজ্জামান মজনুকে পিটিয়ে মেরেছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মজনুর বড়ভাই পিয়ারুল ইসলাম বাদি হয়ে তিন ব্যবসায়ী এবং র্যাব--৫ এর সদস্যদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই তিন ব্যবসায়ী জহিরুল, বাশিরুল এবং আলী হোসেন এখন আটক আছেন।
তবে র্যাব--৫ এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল অপহৃত জহিরুলকে উদ্ধার করতে গিয়ে সংঘর্ষে মজনুর মৃত্যু হয়েছে।
