২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ৩ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ আটক

মেহেরপুর সরকারি জেনারেল হাসপাতালের স্টোর রুম তল্লাশি করে তিন লাখ টাকার মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের ৪৫ হাজার পিস ওষুধ আটক করেছে যৌথবাহিনী। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্টোর কিপার আ ন ম আবদুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 07:48 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মিজানুর রহমান জানান, আট ধরনের মূল্যবান এই ওষুধের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। ওষুধগুলোর মেয়াদ ২০০৩ এবং ২০০৪ সালে শেষ হয়ে গেছে। ওষুধগুলো বিনষ্ট করার জন্য সরকারের ড্রাগ বিভাগের সুপারকে জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

মেহেরপুর সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর রশীদ জানান, জেলার হাসপাতাল ও ক্লিনিকগুলোর চিকিৎসা মান যাচাইয়ের সময় সেনা কর্মকর্তারা এই ওষুধ আটক করেন।

সদর থানার উপ--পরিদর্শক (এসআই) লিয়াকত আলী জানান, সেনা কর্মকর্তারা আটককৃত ওষুধ থানায় জমা দিয়েছে। আটককৃত স্টোর কিপার আবদুর রশিদকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শেখ শাহাদত আলী মঙ্গলবার সন্ধ্যায় জানান, আটটি আইটেমে ৪৫ হাজার পিস ওষুধ আটক করা হয়েছে। এদের মধ্যে রেনিটিজেন্ট ২৮ হাজার ৮০০ পিস, স্যালভোডোরেক্স রয়েছে ৬ হাজার ৭০০ পিস, পেনিসিলিন ৩ হাজার ১০০ পিস, টেট্রাসাইক্লিন ২ হাজার ৫০০ পিস, সলডি ২ হাজার ৫০০ পিসসহ মোট ৪৫ হাজার পিস ট্যাবলেট, ইনজেকশন রয়েছে।