২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনের মুক্তিতে আর বাধা নেই

আটকাদেশের বিরুদ্ধে মামলায় চট্টগ্রামের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে সবকয়টি মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা রইলো না। মেয়রের স্ত্রী হাসিনা মহিউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. আবদুল মতিন ও বিচারপতি মো. আবদুল হাই এর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 05:33 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

হাসিনা মহিউদ্দিনের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, মেয়র মহিউদ্দিন গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তার মুক্তি পাওয়া দরকার। অন্য দুইটি মামলায় তিনি জামিন লাভ করলেও আটকাদেশ থাকায় তিনি কারাগার থেকে মুক্তি পাননি।

তবে সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহামন জাহিদ জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, বিশেষ ক্ষমতা আইনে জামিন দেওয়ার বিধান নেই। তাছাড়া সরকার মেয়র মহিউদ্দিনের চিকিৎসার জন্য সর্বোত্তম ব্যবস্থা নিশ্চিত করেছে।

শুনানি শেষে আদালত মেয়র মহিউদ্দিনের জামিন মঞ্জুর করেন।

জরুরি অবস্থা জারির পর যৌথবাহিনী ৭ মার্চ মেয়র মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। ৯ মার্চ তাকে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়।

৮ মার্চ জরুরি ক্ষমতা বিধিমালায় একটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া ১ এপ্রিল পাহাড় কাটার অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। এ মামলা দুটিতে জামিনের আবেদন জানানো হলে হাইকোর্ট গত ১৭ মে তাকে জামিন দেয়।

গত ১৬ মে গুরুতর অসুস্থ মেয়র মহিউদ্দিনকে বান্দরবান কারাগার থেকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এখানে ১০ সদস্যের চিকিৎসাবোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন।