২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চাপের কথা স্বীকার করলেন ইফতেখার

সরকারের ওপর বিভিন্ন দেশের চাপের কথা স্বীকার করলেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন থেকে ফিরে রোববার বিকেলে সাংবাদিকদের তিনি বলেন নির্বাচনের তারিখ, জরুরি অবস্থা প্রত্যাহার ও ঘরোয়া রাজনীতি চালুর সময় জানতে চায় বিদেশিরা। পাকিস্তানে অনুষ্ঠিত এ সম্মেলনে ৫৭টি দেশ থেকে প্রতিনিধিরা অংশ নেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 05:22 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বিদেশিদের এ জানতে চাওয়াকে ‘চাপ’ বলেও বর্ণনা করেন পররাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের একাধিকবার তিনি বলেন, বিষয়গুলো জানাতে আন্তর্জাতিক চাপ রয়েছে। 

এ চাপের কারণ বিশ্লেষণ করতে গিয়ে ইফতেখার বলেন, বাংলাদেশ ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলেই সবাই জানতে চায়। তিনি জানান, আমরা আমাদের বন্ধুদের বিষয়গুলো ধাপে ধাপে জানাব।

দেশে জরুরি অবস্থ্যা প্রত্যাহারের জন্য ১৫ মার্কিন সিনেটরের চিঠি সম্পর্কে ইফতেখার বলেন, ওই চিঠি হাতে না পেলেও বিষয়গুলো মোটামুটি জানা আছে। ধীরে ধীরে এর জবাব দেওয়া যাবে।

আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়ার বিষয়ে ওই দেশের সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে বলে জানান ইফতেখার। পাকিস্তানের সরকার জানিয়েছে, অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানের পরেই এ বিষয়ে উদ্যোগ নেবে। এদেশে এখন দুই লাখ ২০ হাজার আটকে পড়া পাকিস্তানি রয়েছে।

মার্কিন কূটনীতিবিদ রিচার্ড বাউচার ও জন গ্যাস্টরাইট এর সফর সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তারা যাবে, আমরা আসব।

ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের সম্মেলন সম্পর্কে একটু হতাশই মনে হয়েছে পররাষ্ট্র উপদেষ্টাকে। কূটনীতির বেড়াজালে আটকে থেকেও তিনি মন্তব্য  করেন, ওইআইসির কাঠামোগত আধুনকিায়ন বা সংস্কার যতটা আশা করা গিয়েছিল ততটা হয়নি। অবশ্য এর কারণ ব্যাখ্যা করেননি ইফতেখার আহমদ চৌধুরী।