মজনুর মৃত্যুর ঘটনায় রাজশাহীতে র্যাবের বিরুদ্ধে মামলা
রাজশাহী নগরীর ছোটবনগাঁ এলাকার কামরুজ্জামান মজনুর মৃত্যুর ঘটনায় র্যাবের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মজনুর বড় ভাই পিয়ারুল ইসলাম শনিবার রাতে এ মামলা করেন। মজনুকে পিটিয়ে মারা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। মামলায় আসামী করা হয়েছে জহিরুল ইসলাম, বাশিরুল ইসলাম, আলী হোসেন এবং র্যাব--৫ এর কর্তব্যরত সদস্যদেরকে।
নিহত মজনুর বড়ভাই পিয়ারুল ইসলাম অভিযোগ করেন, শুক্রবার রাত ১২ টার দিকে র্যাবের সাত/আটজন সদস্য সাদা পোশাকে চারটি মোটর সাইকেলে এসে লিচু বাগানে মজনুকে পেটাতে থাকে। মজনু সে সময় লিচু বাগান পাহারা দিচ্ছিল। সে চিৎকার শুরু করলে এলাকাবাসী চোর মনে করে এগিয়ে যায়। এ সময় র্যাব সদস্যরা গুলি করার ভয় দেখিয়ে সেখানে কাউকেই ভিড়তে দেয়নি।
পিয়ারুল অভিযোগ করেন, র্যাব সদস্যরা লাঠি ও লোহার পাইপ দিয়ে মজনু ও তার দুই সঙ্গী রজিব এবং তৌফিককে নির্দয়ভাবে পেটাতে থাকে। এতে ঘটনাস্থলেই মজনু মারা যান। পিয়ারুল জানান, তার মাকেও টিপিয়ে আহত করে র্যাব সদস্যরা।
পরে গুরুতর আহত অবস্থায় রজিব, তৌফিক ও মজনুর মা তসলিমা বেগমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবশ্য র্যাব--৫ এর অধিনায়ক শামসুজ্জামান খান জানান, অপহৃত চাঁপাইনবাবগঞ্জের এক ব্যবসায়ীকে উদ্ধারের সময় অপহরণকারীদের সঙ্গে সংঘর্ষে এসব আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
র্যাব দাবি করেছে, ব্যবসায়ী জহিরুল ও বাশিরুল আগের দিন রাজশাহীতে এলে রজিব, তৌফিক, শহিদুল ইসলাম ও কামরুজ্জামান মজনু তাদের অপহরণ করে। তারা ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে জহিরুলকে ছেড়ে দেয়। জহিরুল এ ঘটনা র্যাবকে জানালে তারা ব্যবসায়ী বাশিরুলকে উদ্ধার করতে ছোট বনগাঁয় যায়। এ সময় অপহরণকারীদের সঙ্গে র্যাবের সংঘর্ষে মজনুসহ কয়েকজন আহত হয়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মজনুকে মৃত ঘোষণা করেন।
এদিকে এই ঘটনার পর শনিবার সকালে দোষী র্যাব সদস্যদের শাস্তি দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
বোয়ালিয়া থানার উপ--পরিদর্শক মঞ্জুরুল আকন্দ জানান, র্যাব--৫ এর কর্তব্যরত সদস্য এবং অপর তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
