লালমনিরহাটে ট্রেন--ট্রাক সংঘর্ষে নিহত ৩
লালমনিরহাটের পাটগ্রামে বৃহস্পতিবার ভোরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে প্রথমে দুইজন ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজন মারা গেছেন। এ ঘটনায় এক মহিলাসহ ১৫ জন গুরুতর আহত হন। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। (আরও তথ্যসহ)
নিহতরা হচ্ছেন, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পুর্ব ফকিরপাড়া গ্রামের মো. বজলার রহমান (৪১), একই গ্রামের মো. ফজলুর রহমান (৪৬) এবং সিরাজগঞ্জ জেলার লিয়ামত হোসেন (৪০)।
সংজ্ঞাহীন অবস্থায় মো. দুলাল হোসেন (৪০) ও আবদুল লতিফ (৩৫) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত মো. মকবুল হোসেন (৪০), জহুরুল ইসলাম (৪২), বাবলু মিঞা (৪৫), একাব্বর হোসেন (৪০), মো. রবিউল ইসলাম (৫০), মো. মমতাজ আলী (৬০), আশরাফ হোসেন (৪৫), শহিদুল ইসলাম (৩৫) ও নাসরিন বেগম (২২) কে হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, আহত ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ছয়টায় বুড়িমারী থেকে লালমনিরহাটগামী ৪৫৬ ডাউন যাত্রীবাহী ট্রেনটি রেলক্রসিং অতিক্রমের সময় পাটগ্রামগামী একটি ট্রাককে (নং--কুড়িগ্রাম--ট--১১--০০১৪) ধাক্কা দেয়। রেলগেট খোলা থাকায় ট্রাকটি দ্রুত রেল লাইন পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি বেশ কয়েক গজ দূরে দুমড়ে--মুচড়ে ছিটকে পড়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকের দুই যাত্রী ঘটনাস্থলে ও পরে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন নফহবংি২৪.পড়স কে বলেন, খবর পেয়ে পাটগ্রাম থেকে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। জেলা ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা এবং যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লালমনিরহাট রেল কর্তৃপক্ষ জানান, ওই রেল ক্রসিংয়ে একজন গেটম্যান থাকা সত্ত্বেও দুর্ঘটনার সময় রেল গেটটি কেন খোলা ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে দুর্ঘটনায় ট্রেনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে রেলওয়ে সূত্র নিশ্চিত করেছে।
এদিকে দুর্ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ওই ক্রসিংয়ের গেটম্যান তার বেতন আনতে দুর্ঘটনাকবলিত ট্রেনে করেই লালমনিরহাট গেছেন।
আবুল হোসেন জানান, হতাহত সবাই বিক্রির জন্য ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছিলেন।
