২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালদার মুখে হাসি ফুটিয়ে ডিম ছেড়েছে মা মাছ

হালদাবাসীর মুখে হাসি ফুটিয়ে ডিম ছেড়েছে মা মাছ। দেশের মিঠাপানির মাছের একমাত্র প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মঙ্গলবার বিকালে ডিম ছেড়েছে মা মাছ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 09:41 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

ঝাঁকে ঝাঁকে মা মাছের আগমনে হালদা এলাকার লোকজন এবং দীর্ঘদিন থেকে অপেক্ষায় থাকা জেলেদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। সবাই হালদা নদীতে ডিম সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন।

এই নদীতে মাছদের ছাড়া ডিম থেকে রেণু ফুটিয়ে তা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। হালদা থেকে উৎপাদিত পোনার দ্রত বৃদ্ধি ঘটে এবং এটির আকারও অনেক বেশি বড় হয়। এ কারণে দেশের বিভিন্ন স্থানে মাছ চাষীদের মধ্যে হালদার পোনার আগ্রহ অনেক বেশি।   

হালদা নদীর পাশ্ববর্তী কাগতিয়া গ্রামের সৈয়দ মোহাম্মদ ইলিয়াস জানান, বিকাল ৪টা থেকে মাছের ঝাঁক নদীর বিভিন্ন পয়েন্টে ডিম ছাড়তে শুরু করে। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ডিম ছাড়ার প্রক্রিয়া চলছিল এবং জেলে ও উৎসাহী জনতা ডিম সংগ্রহ করছিল। দুই হাজারের বেশি জেলে ও পোনা সংগ্রহকারী লোকজন সন্ধ্যার পরও হালদায় অবস্থান করছিল। 

তিনি জানান, এখন এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যদি রাতেও হয় তবে সারারাত ডিম ছাড়তে পারে মা মাছ। সেই অপেক্ষায় জেলেরাও সারারাত সেখানে অবস্থান করবেন।

মা মাছেরা ডিম ছাড়তে শুরু করায় হালদা এলাকার জনগনের দীর্ঘ সময়ের প্রতীক্ষার অবসান ঘটল। এবার ডিম ছাড়তে দেরি হওয়ায় জেলেদের উৎকন্ঠা বাড়ছিল। শেষ পর্যন্ত নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় এবং সোমবার রাত থেকে বৃষ্টি হওয়ায় মাছ ডিম ছাড়তে শুরু করে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রানী বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া নফহবংি২৪.পড়স কে জানান, সকাল ১১টার দিকে মা মাছেরা প্রথমে নমুনা ছাড়ে। এরপর পরিস্থিতি ডিম ছাড়ার অনুকূল থাকায় মাছেরা বিকাল চারটা থেকে পুরোদমে ডিম ছাড়তে শুরু করে।

তিনি জানান, নদীর গড়দুয়ারা থেকে মদুনাঘাট পর্যন্ত ছয়টি পয়েন্টে মাছেরা প্রধানত ডিম ছেড়েছে। ডিমের পরিমাণ জানা যাবে চারদিন পর। চারদিন পর ডিম থেকে রেণু হলে সেগুলো বিক্রি করা হলে আনুমানিক পরিমাণ জানা যাবে।

মঞ্জুরুল কিবরিয়া জানান, এ বছর বেশ কয়েকটি পূর্ণিমা চলে গেলেও মা মাছ উল্লেখযোগ্য পরিমাণ ডিম ছাড়েনি প্রচুর বৃষ্টিপাত কিংবা ঝড় না ওঠায়। এ নিয়ে জেলে ও পোনাসংগ্রহকারীরা বেশ দুশ্চিন্তায় ছিল।

তিনি বলেন, মাছের ডিম ছাড়ার ক্ষেত্রে মঙ্গলবারই ছিল প্রধানতম দিন। এরপরে ডিম ছাড়লেও ছাড়তে পারে। তবে সেরকম কিছু ঘটলে ব্যতিক্রমই বলা যাবে। সাধারণত মাছদের একবারের পর দ্ব্তিীয়বার ডিম ছাড়তে দেখা যায় না।