মেয়র মহিউদ্দিনকে বিশেষায়িত চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে দুইটি ফৌজদারি মামলায় কেন জামিন দেওয়া হবে না তার কারণ দেখাতে সরকারকে আদেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে আদালত মেয়র মহিউদ্দিনের বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার বিচারপতি খাদেমূল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মেয়র মহিউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। মেয়রের বিশেষায়িত চিকিৎসার সমস্ত সুবিধা নিশ্চিত করে ১৭ মে আদালতকে জানানোর জন্য চট্টগ্রাম মেডিক্যালের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি ক্ষমতা বিধিমালার মামলায় তার জামিনের আবেদনের ওপর চূড়ান্ত শুনানির জন্য বৃহষ্পতিবার দিন ধার্য করা হয়েছে।
মেয়র মহিউদ্দিনের পক্ষে মামলা পরিচালনা করেন ড. কামাল হোসেন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ও হরিসাধন দেব ব্রক্ষ্মন।
দেশে জরুরি অবস্থা জারির পর যৌথ বাহিনী গত ৭ মার্চ মহিউদ্দিনকে গ্রেপ্তার করে পর দিন পাঁচলাইশ থানায় প্রেরন করে। পুলিশ তাকে আদালতে হাজির করলে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৯ মার্চ তাকে বন্দরবান জেলা কারাগারে প্রেরন করা হয়।
মেয়র মহিউদ্দিনের বিরদ্ধ গত ৮ মার্চ জরুরী ক্ষমতা বিধিমালায় একটি মামলা দায়ের করা হয়। ১ এপ্রিল পাহাড় কাটার অভিযোগে অপর একটি মামলা দায়ের করা হয়।
মহিউদ্দিন ও অপর তিন আসামীর বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তারা আইন লংঘন করে পাহাড় কেটে এর মাটি দিয়ে অবৈধ ঘর তৈরি করে এবং মাটি বিক্রি করে অবৈধ পথে অর্থ উপার্জন করেছেন। ফলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি বাহিত মাটি দিয়ে নদ নদীর তলদেশ ভরাট হয়ে বিভিন্ন ভাবে প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হবে।
