ছবিসহ ভোটার তালিকার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি
সেনাবাহনীর সহায়তায় ছবিসহ ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে ক্যাম্প স্থাপন করে ভোটার তালিকা করা কতটা যুক্তিযুক্ত হবে তা খতিয়ে দেখারও আহবান জানিয়েছে দলটি।
মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি মহাসচিবের বাসভবনে দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র নজরুল ইসলাম খান সাংবাদিকদের ভোটার তালিকার ব্যাপারে দলের এই দৃষ্টিভঙ্গির কথা জানান।
তিনি বলেন, যেখানে বাড়ি বাড়ি গিয়ে বিগত সময়ে প্রণীত ভোটার তালিকা নিয়ে বির্তক ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সেখানে ক্যাম্প স্থাপন করে ভোটার তালিকা করার উদ্যোগ কতটুকু ফলপ্রসু ও যুক্তিযুক্ত হবে তা ভেবে দেখা প্রয়োজন। তিনি একই সঙ্গে আশা করেন, ভোটার তালিকা প্রণয়নের কাজটি শুরু করার আগে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার উদ্যোগ নেবেন।
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মনে করেন, দলীয় নেতারা যেসব সংস্কারের কথা বলছেন, তা দলীয় ফোরামে বলা উচিত। ঘরোয়া রাজনীতি শুরু হলে দলীয় ফোরামের বৈঠকে এ বিষয়ে আলোচনার সুযোগ থাকবে। তিনি আরো জানান, খালেদা জিয়া দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য বলেছেন।
নজরুল ইসলাম খান সাংবাদিকদের খালেদা জিয়া ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অসুস্থতা ও তাঁদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার বিষয়টি অবহিত করেন। তাদের যাওয়ার দিনক্ষণ পরে নজরুল ইসলাম খান সুনির্দিষ্টভাবে জানিয়ে দেবেন বলে জানান।
সাংবাদিকদের সঙ্গে তার কথা বলার সময় বিএনপির সহ--দপ্তর সম্পাদক আহমেদ মুসা ও সৈয়দ এমরাহ সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।
