২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকাশের দূর্বল আচড়, কক্সবাজারে একজন নিহত

ঘূর্ণিঝড় ‘আকাশ’ কক্সবাজারে একজনের জীবন কেড়ে নিয়েছে। ২৫ জন জেলে নিয়ে বরগুনায় দুইটি ট্রলার নিখোঁজ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 07:18 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাস না হলেও স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলীয় নিম্নাঞ্চল ও চরএলাকা। ধসে গেছে কাঁচা ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের ঘের ও কৃষিজমি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯ টায় চট্টগ্রাম--কক্সবাজার উপকূল অতিক্রম করে স্থল নিম্নচাপে পরিণত হয় আকাশ। এটি ক্রমশ দুর্বল হয়ে পড়ায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কক্সবাজার রাডার অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি সোমবার রাত ৩ টার দিকে টেকনাফ--চট্টগ্রাম উপকূলে প্রবেশ করে।

কক্সবাজার প্রতিনিধি জানান, শহরতলীর নতুন চর পাড়া ও কুতুবদিয়া পাড়া এলাকায় সাগরের পানি ঢুকে হাঁটু ও কোমর সমান প্লাবিত হয়।  শেষ রাতে জোয়ার শুরু হলে সাগরের পানি ওই এলাকায় ঢুকে পড়ে বলে কুতুবদিয়া পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক বোরহান জানিয়েছেন। তিনি জানান, প্রায় দেড় কিলোমিটার ভেড়িবাঁধ ভেঙ্গে হওয়ায় সাগরের পানিতে ওই এলাকা প্লাবিত হয়। রাতেই এলাকার ১০ হাজার মানুষ নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিল বলেও তিনি জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুর রহমান অপু জানান, যে সকল এলাকায় ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে তার তালিকা তৈরি করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ত্রাণ মন্ত্রণালয়ের খয়রাতি ফান্ড থেকে সাহায্য চাওয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী জানান, সীমান্ত উপজেলা টেকনাফে তিন শতাধিক কাঁচাবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। টেকনাফের মিঠাছড়ি এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, টেকনাফের অধিকাংশ ভেড়িবাঁধ ভেঙ্গে জোয়ারের পানি ঢুকে নিুাঞ্চল প্লাবিত হয়েছে। উপকূলে নোঙর করা ২০টি নৌকা ঢুবে গেলেও তার ১৮টিই উদ্ধার করা হয়েছে। ২টি নৌকা এখনো নিখোঁজ রয়েছে। তবে সেন্টমার্টিনে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

বরগুনা প্রতিনিধি জানান, ২৫জন জেলেসহ দুইটি মাছ ধরা ট্রলার নিখোঁজ রয়েছে। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মঙ্গলবার বিকাল পর্যন্ত এফ বি নুসরাত ও এফ বি তরিকুল--১ নামের ট্রলার দুইটি ফিরে আসেনি।

নিম্নচাপের কারণে উপকূলী নিম্নাঞ্চল তিন থেকে চারফুন পানিতে তলিয়ে গেছে।

এদিকে ঝড়ের আশঙ্কা কেটে যাওয়ায় সকাল ১১টা থেকে আবার চালু হয়েছে হয়েছে চট্টগ্রামবন্দর। বন্দরের সচিব সৈয়দ ফরহাদউদ্দিন সকাল সাড়ে ১১টার দিকে জানান, সেখানে স্বাভাবিক কার্যক্রম চলছে। চট্টগ্রাম বিমানবন্দরেও স্বাভাবিক বিমান চলাচল শুরু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি সকাল থেকে বাংলাদেশের পূর্বাঞ্চল এবং এর সংলগ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থান করছে। নিম্নচাপটি স্থলভাগের ওপর দিয়ে আরও উত্তর--উত্তরপূর্ব দিকে এগিয়ে গিয়ে দুর্বল হয়ে যেতে পারে। এ সময় প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ আয়েশা খাতুন বিকাল পৌনে ৪টার দিকে নফহবংি২৪.পড়স কে বলেন, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া মংলা সমুদ্রবন্দরকে পাঁচ নম্বর বিপদ সংকেতের পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করলেও বঙ্গোপসাগরের সব মাছধরা ট্রলার, নৌকা ও অন্য নৌযানকে আপাতত নিরাপদ আশ্রয়ে থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্ব--মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ সোমবার দুপুর বারোটার দিকে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেয়। রাত ১২টায় ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণ--দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ--দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এর আগে সোমবার ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার পর্যন্ত ছিল। সে সময় দমকা বা ঝড়ো হাওয়া আকারে গতিবেগ  ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়।

‘আকাশ’ নামে সৃষ্ট ওই ঘূর্ণিঝড়ের কারণে সার্বিক অবস্থা বিবেচনা করে সোমবার উত্তর বঙ্গোপসাগরের সব মাছ ধরা ট্রলার, নৌকা ও অন্যান্য নৌযানকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেয় আবহাওয়া অধিদপ্তর। তবে মঙ্গলবার সকালে সেটি উপকূলে আঘাত হানায় বিপদ কেটে গেছে।

আমাদের চট্টগ্রাম ব্যুরো জানায়, সোমবার রাত ১টা থেকে হয়ে রাত তিনটা পর্যন্ত চট্টগ্রামে ঝড়ো হাওয়া বয়ে যায়। এর সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। চট্টগ্রামে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘূর্ণিঝড় মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়ায় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ক্যাপ্টেন ইয়াহইিয়া সাঈদ বলেন, দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছি।

ঝড়েরর আশঙ্কায় সোমবার বিকাল ৫টা থেকে চট্টগ্রাম বিমানবন্দরের বিমান ওঠানামা বন্ধ হয়ে গেলেও মঙ্গলবার সকাল ১১টার পর থেকে স্বাভাবিক চলাচল আবার শুরু হয়েছে। ১১টা ১০ মিনিটে জিএমজি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ অবতরণ করেন।

উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসও হয়নি। জলোচ্ছ্বাসের আশঙ্কায় সোমবার রাতে বাঁশখালী, আনোয়ারা ও সন্দীপের কয়েক হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়। ঝড় কেটে যাওয়ায় সকাল তারা বাড়িতে ফিরতে শুরু করেছে।

ভোলা প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোলার ১৫টি চর চার থেকে পাঁচ ফুট জোয়াড়ের পানিতে তলিয়ে গেছে। সেখানকার অর্ধলক্ষের বেশি মানুষ এখন পানিবন্দি। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসকের দপ্তরসহ সাত উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, ঝড়ে মনপুরার কলাতলী চরে ২০টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড় আকাশ মঙ্গলবার সকালে উপকূল অতিক্রম করলেও দিনের মধ্যভাগ পর্যন্ত জেলার বিভিন্ন অংশে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। ভোলা সংলগ্ন মেঘনা, তেঁতুলিয়া ও ইলিশা নদী এবং অভ্যন্তরীণ খালগুলোতে স্বাভাবিকের চেয়ে ৩/৪ ফুট উচ্চতায় জোয়াড়ের পানি প্রবাহিত হচ্ছে।

চরফ্যাশনের মাদ্রাজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, চরফ্যাশনের চর কুকরী মুকরী, ঢালচর, চর পাতিলা, চর কচ্ছপিয়া, চর শাহ জালাল, চর মেঘ ভাষাণসহ ছোট বড় চরগুলো চার থেকে পাঁচ ফুট পানিতে তলিয়ে গেছে।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আমিনুর রহমান জানান, উপজেলার নিুাঞ্চল জোয়াড়ের পানিতে তলিয়ে গেছে।

নোয়াখালী প্রতিনিধি জানান, প্রবল জোয়ারে নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রানহানী না ঘটলেও রবিশস্য ও মাছের ঘেরের ক্ষয়ক্ষতি হয়েছে।

কৃষি অফিসের উদ্যান বিশেষজ্ঞ এস এম নজরুল ইসলাম বলেন, জেলার শ’ শ’ একর জমিতে পানি প্রবেশ করায় মরিচ, মিষ্টি আলু, বাদাম, তিল ও বিভিন্ন ডালের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে অর্ধশত মাছের ঘের।