বরিশালে বিচারককে হুমকি দিয়ে উড়ো চিঠি
আল কায়েদার নামে চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে বরিশালের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মঈনউদ্দিন ইসলামকে।
রোববার সকালে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ, তৃতীয় যুগ্ম জেলা জজ এবং অতিরিক্ত যুগ্ম জেলা জজের এজলাসে খামে ভরা তিনটি চিঠি পাওয়া যায়। চিঠিগুলো কারা রেখে গিয়েছিল, তা কেউ শনাক্ত করতে পারেনি।
পরে খাম খুলে দেখা যায়, মঈনউদ্দিন ইসলামকে হমকি দিয়ে আল কায়েদার নামে ওই চিঠিগুলো দেওয়া হয়েছে।
হাতে লেখা ওই চিঠিতে বলা হয়, “জীবন মানবের সম্পদ। আপনি এবং আপনার প্রথম শ্রেণির ম্যাজিস্টেটদের আগামী ১৩ এবং ১৪ মে বেঁচে থাকার ইচ্ছা থাকলে আকাশ, জল এবং স্থলপথে সাবধানতা অবলম্বন করবেন। ওই দিন কোর্টে আসবেন না।”
চিঠির নিচে ছিল আল কায়দার বরিশাল বিভাগীয় সদস্য ও সাথী দাবিকারী ‘সালামহ্ উহমাহ্ হ্যুালী’ এর স্বাক্ষর ছিল। স্বাক্ষরের নিচে তারিখ লেখা ছিল ১১ মে।
চিঠিগুলো সকালেই অতিরিক্ত জেলা জজের কাছে হস্তান্তর করা হলে তিনি বিষয়টি জেলা জজকে জানান।
বরিশাল জেলা ও দায়রা জজ মো. শফিউদ্দিন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার খাঁন সাঈদ হাসান বিষয়টি স্বীকার করেছেন।
সাঈদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, ওই চিঠিগুলোর একটি বিকালেই তার হাতে পৌঁছেছে।
এদিকে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, মঈনউদ্দিন ইসলাম আজ (রোববার) স্বাভাবিকভাবেই বিচার কাজ পরিচালনা করেছেন।
